গোপালগঞ্জে ভোটকেন্দ্রে হাতবোমা হামলা, আহত ৩

গোপালগঞ্জ শহরের নিচুপাড়ার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিশু এবং দুই আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জহিরুল ইসলাম।

আহতরা হলেন- আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, জামাল মোল্লা ও গোপালগঞ্জ শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী মিশুর শিশুকন্যা আমেনা খানম (১৩)।

রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্যসহ এক শিশু সামান্য আহত হয়েছে। তবে এখন কেন্দ্রে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ করা হচ্ছে।