খালেদা-তারেকের মামলা তুলে নিয়েছে সোনালী ব্যাংক

ড্যান্ডি ডাইংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ৪৫ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মোট ১৬ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়েছে। মামলা দায়েরকৃত প্রতিষ্ঠান সোনানী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ নভেম্বর ঢাকার অর্থঋণ আদালত-১ এর বিচারক সাদেকিন হাবিব বাপ্পি মামলাটি প্রত্যাহার আবেদন মঞ্জুর করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ড্যান্ডি ডায়িং ব্যাংকের টাকা পরিশোধ করে দেওয়ায় আমরা সোনালী ব্যাংকের পক্ষে মামলা প্রত্যাহারের আবেদন করি। আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবী মোস্তাক আহম্মেদ কয়েল বলেন, সোনালী ব্যাংকের পক্ষে তাদের আইনজীবী মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। আদালত মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে এ মামলা করা হয়।

মামলার বিবাদী আরাফাত রহমান কোকোর মৃত্যু হলে ইসলামী শরিয়াহ অনুযায়ী অংশীদারত্বের ভিত্তিতে ২০১৫ সালের ৮ মার্চ সোনালী ব্যাংক আদালতে আবেদন করে কোকোর মা খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে মামলার পক্ষভুক্ত করার জন্য। ওই আবেদনের পর ২০১৫ সালের ১৬ মার্চ ঢাকার অর্থঋণ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক রোকসান আরা হ্যাপী তাদেরকে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করেন। পরবর্তী সময়ে, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি আদালত খালেদা জিয়া, তারেক রহমানসহ মোট ১৬ জন বিবাদির বিরুদ্ধে ইস্যু গঠন করেন।

মামলার বিবাদীরা হলেন-ড্যান্ডি ডায়িং লিমিটেড, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান, প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী বেগম নাসরিন আহমেদ, গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার ও মাসুদ হাসান।