বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পন করেছে বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের মাজারে পুষ্পস্তবক অর্পন করা হয়। সংগঠনের সভাপতি মুতাসিম বিল্লাহ ফারুকী ও মহাসচিব সৈয়দ মহিদুল হাসানের নেতৃত্বে এই পুষ্পস্তবক অর্পন করা হয়।
এসময় সংগঠনের নির্বাহী পর্ষদের সদস্য ও এনবিআর সদস্য মোহাম্মদ মোস্তফা, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক আহসান হাবিব, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) এর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনসহ অ্যাসোসিয়েশনের অন্যান্যরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পনের পর তাঁর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বুধবার দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাযা শেষে খালেদা জিয়াকে জিয়াউর রহমানের মাজারে জিয়ার পাশেই কবর দেওয়া হয়। বেগম জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

