Header – After

ক্যাশলেস সোসাইটিতে রাজস্ব বাড়বে দেড়-দুই লাখ কোটি টাকা

গভর্নর

দেশে ক্যাশলেস সোসাইটি গড়ে উঠলে বছরে রাজস্ব আয় দেড় থেকে দুই লাখ কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে এবং একই সঙ্গে দুর্নীতি কমবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর ড. আহসান এইচ মনসুর। রোববার (১২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এমক্যাশ–এর রিব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে গভর্নর বলেন, শেখ হাসিনা–র শাসনামলে ইসলামী ব্যাংকগুলো শরীয়াহ অনুযায়ী পরিচালিত না হওয়ায় এ খাতে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ইসলামী ব্যাংকগুলোকে শরীয়াহ মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

সহজ, নিরাপদে ও দ্রুত বলে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ডিজিটাল লেনদেনের। এসব লেনদেনের ৭৮ শতাংশই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে হয়ে থাকে। যার পরিমাণ প্রতিদিন গড়ে ৬ হাজার কোটি টাকা। এ অনুষ্ঠানে গভর্নর আরও বলেন, দেশে মোবাইল ব্যাংকিংয়ে মাত্র কয়েকটি প্রতিষ্ঠান একক রাজত্ব করছে। আরও অনেক প্রতিষ্ঠানের এ খাতে ব্যবসা করার সুযোগ থাকলেও বিপণন কৌশল, আর প্রযুক্তির ব্যবহারে তারা পিছিয়ে রয়েছে।

গভর্নর বলেন, সব ক্ষেত্রে ডিজিটাল লেনদেন চালু হলে গ্রাহকের খরচ আরও কমে আসবে। আর দেশকে ক্যাশলেস সোসাইটি হিসেবে গড়ে তুলতে পারলে বছরে রাজস্ব আয় বাড়বে দেড় থেকে দুই লক্ষ কোটি টাকা। সেই সঙ্গে কমবে দুর্নীতি।