Header – After

কোটি টাকার মার্সিডিজ ২ দিন ধরে পড়ে ছিল রাস্তায়

চট্টগ্রাম নগরের একটি অভিজাত আবাসিক এলাকায় টানা দুই দিন সড়কের ওপর পড়ে থাকা মার্সিডিজ ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। কোটি টাকার বেশি মূল্যের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার দুপুরে নগরের পাঁচলাইশ থানা এলাকার ওআর নিজাম আবাসিক এলাকার একটি সড়ক থেকে গাড়িটি উদ্ধার করা হয়। বর্তমানে গাড়িটি পাঁচলাইশ থানার হেফাজতে রাখা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে। তিনি স্থানীয় বাসিন্দাদের বরাতে বলেন, রোববার ভোরে দুই ব্যক্তি গাড়িটি সড়কের পাশে রেখে চলে যান। এরপর থেকে গাড়িটি সেখানেই পড়ে ছিল। ওসি আরও জানান, ওই দুই ব্যক্তি কারা এবং কী কারণে গাড়িটি সেখানে ফেলে রাখা হয়েছিল—এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গাড়িটির প্রকৃত মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে। মালিকের পরিচয় নিশ্চিত হলে ঘটনার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রাম বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র জানিয়েছে, মার্সিডিজ গাড়িটিতে ব্যবহৃত নম্বর প্লেটটি ছিল একটি ‘গ্যারেজ নম্বর’। সাধারণত নতুন গাড়ি আমদানি বা সাময়িক ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের নম্বর ব্যবহার করা হয়, যা অনলাইন বা নিয়মিত নিবন্ধন ডেটাবেজে পাওয়া যায় না। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকা বিআরটিএ কার্যালয়ের সংরক্ষিত নথিতে ওই নম্বরের তথ্য থাকলে সেখান থেকে গাড়িটির প্রকৃত মালিকের পরিচয় শনাক্ত করা সম্ভব হতে পারে।