কেন্দ্রীয় ব্যাংকে আজ থেকে সরাসরি গ্রাহকসেবা বন্ধ

কেন্দ্রীয় ব্যাংক রবিবার (২৩ নভেম্বর) থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোটের বদল এবং অটোমেটেড চালানসহ সরাসরি গ্রাহকসেবা বন্ধ করছে। একই সঙ্গে মতিঝিলসহ সকল অফিস থেকে এসব সেবা বন্ধ করা হবে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো নির্বিঘ্নে সেবা দিতে পারে তা নিশ্চিত করতে তদারকি বৃদ্ধি করা হবে।

বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেওয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আগামী ৩০ নভেম্বর প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য অফিস থেকে এসব সেবা বন্ধ করা হবে। তবে পরে সময় এগিয়ে এনে সব অফিসে একযোগে সেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল ছাড়াও ঢাকার সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী ও সিলেট অফিস থেকে গ্রাহক-সংক্রান্ত এসব সেবা প্রদান করা হতো।