দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ভবিষ্যতে দুর্নীতি তদন্ত বা অনুসন্ধান কাজে চাপ সৃষ্টি করার চেষ্টা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সেগুনবাগিচায় দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন। সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন।
দুদক চাপ অনুভব করে কি না জানতে চাইলে মোহাম্মদ আবদুল মোমেন বলেন, যিনি দুর্নীতিগ্রস্ত হন তার ওপরেই চাপ বেশি আসে। দুর্নীতিগ্রস্ত না হলে, ঘাড় সোজা থাকলে চাপ কম আসবে। আপনাকে যারা চাপ দেবে তারাও চিন্তা করবে চাপ দেবো কি না। আগামী দিনে দুদকে যারা অন্যায়ভাবে চাপ প্রয়োগ করবে আমরা তাদের নাম প্রকাশ করবো। দুদক এখনো নখ-দন্তহীন বাঘ কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দাঁত যতটা তীক্ষ্ণ হবার দরকার ছিল, ততটা তীক্ষ্ণ এখনো হয়নি। নখও পুরোপুরি গজায়নি। মাঝামাঝি একটা পর্যায়ে আছে।
দুদক চেয়ারম্যানের মতে, দেশের বিভিন্ন স্থানে দুর্নীতি প্রতিরোধ করা শুধু দুদকের দায়িত্ব নয়। সিঙ্গাপুরের উদাহরণ তুলে তিনি বলেন, সেখানে প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থায় দুর্নীতি রোধে সক্ষম। এসবের বাইরে একটি আলাদা সংস্থাও আছে, যার কাজ হচ্ছে নিয়মিত তদারকি। তিনি প্রশ্ন তুলে বলেন, যে দুর্নীতিগুলো সংশ্লিষ্ট অফিসেই সমাধান হওয়ার কথা, যেখানে ইন্টারনাল ও এক্সটারনাল অডিট হয়—সেগুলো তখনো কেন দুদকের কাছে আসে? আসার তো কোনো কারণই নেই।
সঠিক সময়ে সুন্দর নির্বাচন হবে এমন আশা প্রকাশ করে দুদক চেয়ারম্যান বলেন, ভোটে কালো টাকার দৌরাত্ম্য আগে দেখেছি। এবারও হয়তো হবে। দুর্নীতিবাজদের শাস্তি বাড়ানোর প্রস্তাব করে তিনি বলেন, আপনি ১০ কোটি টাকা আত্মসাৎ করলেন, এক কোটি টাকা এদিক সেদিক করলেন। তাহলে তার ৯ কোটি টাকাই লাভ। তার চেয়ে ১০ কোটি টাকা আত্মসাতে ১০০ কোটি টাকা দণ্ড দেওয়া হলে সেটা আর করবে না।
নির্বাচনি হলফনামা ইসির কাছে আগে চেয়ে দুদক চেয়ারম্যান বলেন, যখন সম্পদ বিবরণী (হলফনামা) দাখিল করা হয়, দাখিল করা ও চূড়ান্ত করার মাঝামাঝি সময় খুবই কম। সরকার যদি ঘোষণা দিত, নির্বাচনি হলফনামা আগে দুদককে দিতে হবে; তাহলে আমরা একটা টাস্কফোর্স গঠন করতাম। আমরা হয়তো সবারটা করতে পারতাম না। এই দেশের সবাই দুর্নীতিগ্রস্ত নয়। বড় বড় সন্দেহভাজনদের বিষয়ে আগে পরীক্ষা করে ইসিকে দিতে পারতাম সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের হাতে সময় খুবই কম। আপনারা হুইসেল ব্লো করবেন, আমরা আমাদের শক্তি সামর্থ দিয় সেটা পরীক্ষা করার চেষ্টা করবো। নির্বাচন পরবর্তী সময়ে হলফনামা পরীক্ষা করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, না হওয়ার কোনো কারণ নেই। ১০০ বার করবো। উই আর নট শাই।
কালো টাকার ব্যবহার কমাতে উদ্যোগ প্রসঙ্গে মোহাম্মদ আবদুল মোমেন বলেন, আমাদের সম্পদ খুব সীমাবদ্ধ। লোকবল সীমিত। আমরা ৫-৭ জনের একটা টিম গঠন করতে পারি কি না, সেটা দেখবো। উপদেষ্টাদের পিএসের দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, আমাদের চারটা ফাইল ছিল। সেগুলোর অনুসন্ধান শেষ হওয়ার পথে, কাজগুলো সম্পন্ন হয়নি। সম্পন্ন হলে সবাই জানবে।
