কুড়িগ্রামে তীব্র শীত, তাপমাত্রা ১২ ডিগ্রিতে

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও শীতল বাতাসে চরের খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। হিমেল বাতাস আগেভাগেই দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রামে প্রবেশ করেছে। প্রতিদিনই শীত আরও তীব্র হয়ে উঠছে, ঘন কুয়াশা, তীব্র হাওয়া ও তীক্ষ্ণ ঠান্ডার মধ্যে মানুষজন দিন কাটাচ্ছেন।

যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর এলাকার ঘোড়ার গাড়িচালক মো. জলিল মিয়া (৬০) বলেন, “ঠান্ডা দিন দিন বেড়েই চলেছে। বাতাস ও ঘন কুয়াশার কারণে গাড়ি চালানো অনেক কষ্টকর হয়ে গেছে। হাত-পা প্রায় বরফ হয়ে যায়। অন্যদিকে পাঁচগাছ ইউনিয়নের কৃষিশ্রমিক আব্দুল কাদের (৫৫) বলেন, এখন আমন ধানের কাজের সময়। সকালে যে ঠান্ডা থাকে, তাতে ঘর থেকে বের হওয়া খুবই কঠিন। কিন্তু কাজ না করলে সংসার চলে না, তাই সব ঝুঁকি মেটিয়ে কাজ করতে বের হই।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, ৯টি উপজেলাতে ৬ লাখ করে মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কম্বল ক্রয় করা হচ্ছে। তা তালিকা করে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, মঙ্গলবার জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।