কাস্টমস গোয়েন্দার অভিযান, দুই দিনে ১ কোটি টাকার পণ্য জব্দ

শাহজালাল-শাহ আমানত বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন, মোবাইলের এলসিডি, মাদারবোর্ড, বিদেশি মদ ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রামে পরিচালিত পৃথক তিনটি অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা।

দুই যাত্রীর ব্যাগেজে ৪৮১ কার্টন সিগারেট

৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এ-শিফটের কর্মকর্তারা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের এসভি৮০৪ ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগেজে অভিযান চালান। যাত্রী মো. মনসুর আলমের কাছ থেকে ২৩১ কার্টন এবং মোহাম্মদ নওয়াজ শরীফের কাছ থেকে ২৫০ কার্টন—মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।
Customs Intelligence 1
ব্যাগেজে বিশেষ কায়দায় মোবাইল, ৫৫০ এলসিডি ও ৯৫০ মাদারবোর্ড

একই দিনে আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের টিজি৩৩৯ ফ্লাইটের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৬টি স্মার্টফোন জব্দ করা হয়। এর মধ্যে ১৯টি রেডমি টার্বো ৪ প্রো এবং ১৭টি অনার ২০০। এসব মোবাইলের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৬ হাজার টাকা।
Customs Intelligence 2
এ ছাড়া ওই ব্যাগেজ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫৫০টি মোবাইলের এলসিডি এবং ডিসপ্লেসহ ৯৫০টি বাটন মোবাইলের মাদারবোর্ড জব্দ করা হয়। এলসিডিগুলোর আনুমানিক মূল্য ২২ লাখ টাকা এবং মাদারবোর্ডগুলোর মূল্য ১৪ লাখ ২৫ হাজার টাকা। এ সময় টহল দেওয়ার সময় ব্যাগেজ বেল্টের পাশে মালিকবিহীন একটি হাতব্যাগ পাওয়া যায়। সেখান থেকে ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

গ্রিন চ্যানেলে ১৮ লিটার বিদেশি মদ

১ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বাহরাইন থেকে আসা গালফ এয়ারের জিএফ২৪৮ ফ্লাইটের যাত্রী মো. আল আমিনকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও ব্যাগেজ তল্লাশি করে তার কাছ থেকে ১৮ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
Customs Intelligence 3
চট্টগ্রামেও সিগারেট, ওষুধ ও স্বর্ণালংকার জব্দ

৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও পৃথক অভিযান চালানো হয়। দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি১৪৮ ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টন বিদেশি সিগারেট, রোয়াটিনেক্স ও সাবরিলসহ বিভিন্ন ওষুধ এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা। সিআইআইডি জানিয়েছে, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।