কাস্টমসের যুগ্ম কমিশনার লুৎফুল চাকরিচ্যুত

বিসিএস (শুল্ক ও আবগারি) ২৮তম ক্যাডারের কর্মকর্তা মো. লুৎফুল কবিরকে চাকরিচ্যুত করা হয়েছে। সাময়িক বরখাস্তের প্রায় আট মাস পর তাকে চাকরিচ্যুত করে বৃহস্পতিবার (২০ নভেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলির আদেশ অমান্য, ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে বরখাস্ত বা চাকরিচ্যুত করা হয়েছে। এর আগে চলতি বছরের ২ মার্চ তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। উল্লেখ্য, এই কর্মকর্তার বিরুদ্ধে নিজেদের সহকর্মী ছাড়াও সেবাপ্রার্থীদের সঙ্গে অসদাচরণ এবং খারাপ ব্যবহার করার একাধিক অভিযোগ রয়েছে। ২০২০ সালের নভেম্বর মাসে পানগাঁও কাস্টম হাউসে রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও হুঁমকি দেওয়ায় সারাদেশের সকল কাস্টম হাউস ও ভ্যাট কমিশনারেটে মানববন্ধন, কলম বিরতি হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরকে ২০২৪ সালের ২৮ অক্টোবর ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়। যশোর ভ্যাটে যোগদানের উদ্দেশ্যে ভ্যাট ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে তাঁকে ২৮ অক্টোবর অফিস আদেশের মাধ্যমে অবমুক্ত করা হয়। তিনি ওই আদেশ অমান্য করে এখন পর্যন্ত তিনি যশোর ভ্যাট কমিশনারেটে যোগদান করেননি। তিনি ২৮ অক্টোবর ছুটির আবেদন করে বিধি বহির্ভূতভাবে অধীনস্থ কর্মচারীর মাধ্যমে ২৭ অক্টোবর ব্যাকডেটে গ্রহণ প্রেরণ শাখার রেজিস্ট্রারে ওই আবেদন রিসিভ করান। এবং তাঁর ছুটির আবেদন মঞ্জুর না হওয়া সত্ত্বেও তিনি অননুমোদিতভাবে এখন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তিনি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ০২ এর উপ-বিধি (খ) এর (অ) এবং বিধি-২(চ) অনুযায়ী যথাক্রমে উর্ধ্বতন কর্মকর্তার আইনসংগত আদেশ অমান্য করেছেন। এবং ৬০ দিনের বেশি সময় বিনা অনুমতিতে কর্ম হতে অনুপস্থিত রয়েছেন বিধায় তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩(গ) বিধিমতে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে বিভাগীয় মামলার সিদ্ধান্ত গ্রহণপূর্বক তাঁকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ চলতি বছরের ২ মার্চ সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, মো. লুৎফুল কবির এর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩(গ) বিধিমতে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে বিভাগীয় মামলা রুজুপূর্বক অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রেরণ করে তাঁকে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়। আত্মপক্ষ সমর্থনে তিনি ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণে আগ্রহী কিনা-তাও লিখিত জবাবে উল্লেখ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযুক্ত কর্মকর্তা কারণ দর্শানোর লিখিত জবাব দাখিল করে ব্যক্তিগত শুনানির প্রার্থনা করলে ব্যক্তিগত শুনানি গ্রহণ করা হয়। অভিযুক্ত কর্মকর্তার লিখিত জবাব, ব্যক্তিগত শুনানিতে উভয়পক্ষের বক্তব্য, তথ্য-প্রমাণ ও প্রাসঙ্গিক সকল বিষয় পর্যালোচনান্তে ওই কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। সেজন্য গুরুদন্ড আরোপণের সম্ভাবনা থাকায় ন্যায়বিচারের স্বার্থে বিষয়টি তদন্ত করার জন্য মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আকবর হোসেনকে (বর্তমানে কমিশনার হিসেবে ব্রাসেলসে কর্মরত) তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তিনি চলতি বছরের ১৫ জুন প্রতিবেদন দাখিল করেন। যাতে মো. লুৎফুল কবির এর বিরুদ্ধে আনীত সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩(গ) বিধিমতে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে মতামত প্রদান করা হয়।
JC Lutful
আরো বলা হয়, তদন্ত প্রতিবেদন, বিভাগীয় মামলা সংশ্লিষ্ট নথি ও অন্যান্য কাগজপত্রসহ প্রাসঙ্গিক সকল বিষয় পর্যালোচনায় তীর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩(গ) বিধিমতে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার ৭(৮) বিধির অনুসরণক্রমে ৪(৩) বিধি মোতাবেক চাকুরি হতে বরখাস্ত বা বিধিতে বর্ণিত অন্য কোন গুরুদন্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণক্রমে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ জারি করে ৭ কার্যদিবসের মধ্যে জবাব প্রদানের নির্দেশ দেয়া হয়। অভিযুক্ত কর্মকর্তা চলতি বছরের ২৪ জুলাই দ্বিতীয় কারণ দর্শানো নোটিশের জবাব দাখিল করেন। জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় মো. লুৎফুল কবিরকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(৩) বিধি অনুযায়ী চাকরি হতে বরখাস্ত বা বিধিতে বর্ণিত অন্য কোন গুরুদণ্ড আরোপের সিদ্ধান্ত বহাল রাখা হয়। প্রস্তাবিত গুরুদন্ড আরোপের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর মতামত চাওয়া হলে মো. লুৎফুল কবিরকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(৩) (ঘ) বিধি মোতাবেক “চাকরি হতে বরখাস্তকরণ” সূচক গুরুদন্ড আরোপের বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক গৃহিত সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে। মো. লুৎফুল কবিরকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(৩) (ঘ) বিধি মোতাবেক “চাকরি হতে বরখাস্তকরণ” সূচক গুরুদন্ড প্রদানের সিদ্ধান্ত রাষ্ট্রপতি কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে। সাময়িক বরখাস্ত যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবির যশোর ভ্যাট কমিশনারেটে বদলির আদেশাধীন এর বিরুদ্ধে আনীত অভিযোগ, তাঁর কারণ দর্শানোর জবাব, বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনাক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩(গ) বিধিমতে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে একই বিধিমালার বিধি ৪(৩) (ঘ) অনুযায়ী “চাকরি হতে বরখাস্তকরণ” (চাকরিচ্যুত) সূচক গুরুদন্ড প্রদান করা হয়েছে।