হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকাণ্ডে প্রায় ৮১০ কোটি টাকার পণ্য পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পণ্যের মধ্যে রয়েছে জীবনরক্ষাকারী ওষুধ ও ওষুধ তৈরির কাঁচামাল, হিমায়িত খাদ্য, কসমেটিকস, ইলেকট্রনিক সামগ্রী, মোবাইল ফোন, শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক শিল্পের অ্যাকসেসরিজ, খাদ্যপণ্য এবং গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য।
ঢাকা কাস্টমস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে শতভাগ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা অত্যন্ত কঠিন। কারণ আন্তর্জাতিক মান অনুযায়ী আমদানিকৃত প্রতিটি পণ্যের জন্য পৃথক শনাক্ত নম্বর, ডিজিটাল লগ ও রিয়েল-টাইম ট্র্যাকিং ব্যবস্থা থাকার কথা থাকলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ সে ধরনের ব্যবস্থা কার্যকর ছিল না। এ ছাড়া আমদানিকৃত পণ্যের কাস্টডিয়ান হিসেবে দায়িত্বে রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত পণ্যের ধরন, কোন স্থানে কোন পণ্য রাখা ছিল, কোন বাক্সে কী ছিল কিংবা কোন চালান কোন জায়গায় সংরক্ষিত ছিল—এসব বিষয়ে কোনো ডিজিটাল রেকর্ড না থাকায় পুড়ে যাওয়া পণ্যের প্রকৃত মূল্য নির্ধারণ সম্ভব হচ্ছে না। তবে আগুন লাগার তিন মাস আগ পর্যন্ত কাস্টমসের অ্যাসাইকুডা সিস্টেমে থাকা আইজিএম (ইমপোর্ট জেনারেল মেনিফেস্ট) ও বিল অব এন্ট্রির তথ্য যাচাই করে দেখা গেছে, প্রায় ৮১০ কোটি টাকার পণ্য বিমানবন্দরের কার্গো ভিলেজে মজুত ছিল। এ ছাড়া অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক চালানপত্র ও নথিপত্র পুড়ে যাওয়ায় ক্ষতিপূরণের হিসাব নির্ধারণ এবং পণ্যের মালিকানা নিশ্চিত করাও জটিল হয়ে পড়েছে বলে জানায় ঢাকা কাস্টমস।
অগ্নিকাণ্ডের ঘটনার আড়াই মাস পেরিয়ে গেলেও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) গঠিত কমিটি এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রতিবেদন জমা দিতে পারেনি। যদিও স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠিত কোর কমিটি ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কাছে একটি প্রতিবেদন দাখিল করেছে। পাশাপাশি বিমান বাংলাদেশ ও ফায়ার সার্ভিসের গঠিত কমিটিগুলোর প্রতিবেদনও সংশ্লিষ্ট দপ্তরে জমা পড়েছে। বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর আইআরডির যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— এনবিআরের প্রথম সচিব মু. রইচ উদ্দিন খান, তারেক হাসান, ঢাকা কাস্টমসের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান এবং আইআরডির উপসচিব পঙ্কজ বড়ুয়া। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান পাটোয়ারী জানান, প্রতিবেদনের খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তা জমা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তদন্ত কমিটির একজন্য সদস্য বলেন, কাস্টমস আইন অনুযায়ী আমদানি করা পণ্য ২১ দিনের মধ্যে খালাস করার নিয়ম রয়েছে। তবে নানা কারণে তা মাসের পর মাস গুদামেই পড়ে থাকে। আমদানি পণ্যের কাস্টডিয়ান বিমান কর্তৃপক্ষ হওয়ায় কার্গো শেডের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাদের। এক্ষেত্রে কাস্টমসের করণীয় নেই। কাস্টমস আইন অনুযায়ী পণ্য ২১ দিনের মধ্যে খালাস করতে আইনের কঠোর প্রয়োগ এবং সময়সীমা না মানলে আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। পাশাপাশি শুল্ক, বিমানবন্দর কর্তৃপক্ষ, বিমান, নিরাপত্তা সংস্থা, ফায়ার সার্ভিসসহ সব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি স্থায়ী সমন্বয় কমিটি গঠনেরও সুপারিশ থাকবে।
আগুন লাগার এক দিন পর, ২০ অক্টোবর রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) জানায়, অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়। পাশাপাশি বিমার আওতার বাইরে থাকা পণ্যের জন্য সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানায় সংগঠনটি। এদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) জানায়, অগ্নিকাণ্ডে ৪৫টি কোম্পানির ৪৪২ ধরনের ওষুধের কাঁচামাল পুড়ে গেছে। ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য শুল্ক বাদ দিয়ে এ খাতে মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৬৫ কোটি টাকা বলে সংগঠনটি জানিয়েছে।
** বেবিচক-বিমানের ব্যর্থতায় কার্গো ভিলেজে আগুন
** নাশকতা নয়, আগুন ছড়ায় কুরিয়ার পণ্যের স্তূপ থেকে
** পণ্য খালাসে ফেরেনি শৃঙ্খলা, ভোগান্তিতে ব্যবসায়ীরা
** কাস্টম হাউসে ৩ শিফটে ২৪ ঘন্টা পণ্য খালাসের নির্দেশ
** পুড়ে যাওয়া পণ্যের শুল্ক ফেরত দেবে এনবিআর
** ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত
** অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি
** কার্গো গুদামে ছিল মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ
** ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়েছে
** ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে হাজার কোটি টাকা
** আগামী ৩ দিন ‘নন শিডিউলড’ ফ্লাইটের খরচ মওকুফ
** অগ্নিকাণ্ডের ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন
** শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
** ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি: বিজিএমইএ
** কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, আনসার সদস্য বরখাস্ত
** ‘অস্থায়ী গুদাম’ বানাবে বিজিএমইএ-বিকেএমইএ

