কাউন্টার টিকিটিংয়ে শুরু বাস চলাচল

ঢাকায় নগর পরিবহনে শৃঙ্খলা আনতে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে কাউন্টার টিকিটিং পদ্ধতিতে গোলাপি রঙের বাস চালু হচ্ছে। উত্তরার আজমপুর কাঁচাবাজার বাসস্ট্যান্ড থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

ঢাকার আব্দুল্লাহপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যের ২১টি কোম্পানির বাস চলবে টিকিট কাউন্টারভিত্তিতে। উদ্বোধনের জন্য এরই মধ্যে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে বাসগুলো। টিকিট বিক্রির জন্য বুথগুলোও প্রস্তুত করা হয়েছে।

উদ্বোধনের আগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আমাদের বাসগুলো গরু-মহিষের মতো একটা আরেকটার পেছনে ধাক্কাধাক্কি করে। এটি বন্ধ করতে হবে। ডিএমপি থেকে সব ধরনের সহায়তা করা হবে। আমরাও চাই সড়কের শৃঙ্খলা ফিরে আসুক।’

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম জানান, ‘প্রথমে আমরা এটি চালু করলাম। সামনে আরও তিনটি রুটে এই ব্যবস্থা চালু করবো। এ ব্যবস্থার কারণে বাস ভাড়া বাড়বে না।’

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে চারটি রুটে কাউন্টার টিকিটিং পদ্ধতিতে বাস চালানো হবে। এর মধ্যে গাজীপুর-আবদুল্লাহপুর, মানিকগঞ্জ-ধামরাই-সাভার, বসিলা-মোহাম্মদপুর ও মিরপুর রুটের বাসগুলো ধাপে ধাপে অন্তর্ভুক্ত হবে। প্রথম ধাপে আবদুল্লাহপুর রুটে একশ’টি গোলাপি বাস চালু করা হবে, যেখানে ই-টিকেটিং ব্যবস্থাও থাকবে।