Header – After

কর ফাঁকি দেওয়া যন্ত্রাংশে তৈরি হতো নকল আইফোন

কর ফাঁকি দিয়ে যন্ত্রাংশ আমদানি করে দেশে বিভিন্ন মডেলের আইফোন সংযোজন ও বাজারজাত করার অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেপ্তারের পর গতকাল সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)–এর গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার এ চক্রের তিন সদস্যের কাছ থেকে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থ উদ্ধারের কথা জানানো হয়। ওই দিন রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় পৃথক অভিযানে তানজিয়ান, উ জুন ও ডং হংওয়েই নামের তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার মো. মহিউদ্দিন। তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা চীন থেকে অবৈধভাবে আইফোনের যন্ত্রাংশ এনে তা দিয়ে ঢাকার নিকুঞ্জ-১-এর ভাড়া বাসায় আইফোন তৈরি করে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন। তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ও শুল্ক কর্মকর্তাদের ম্যানেজ করে কর ফাঁকি দিয়ে আইফোনের যন্ত্রাংশ আনতেন। দেড় বছরের ভিসায় তারা চীন থেকে ঢাকায় এসেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খিলক্ষেত ও উত্তরা পশ্চিম থানায় পৃথক বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।’

ডিবির এ কর্মকর্তা আরও বলেন, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের একটি দল উত্তরার ১৩ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে চীনা নাগরিক তানজিয়ানকে ৫৮টি আইফোনসহ গ্রেপ্তার করে। তার তথ্যের ভিত্তিতে পরে খিলক্ষেত থানার নিকুঞ্জ-১ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে উ জুন ও ডং হংওয়েইকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আরও ৩০৫টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, ২৬ হাজার টাকা ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

** ঢাকায় নকল আইফোন তৈরি করতেন ৩ চীনা নাগরিক
** ৩৬৩টি আইফোনসহ ৩ চীনা নাগরিক গ্রেপ্তার