Header – Before
Header – After

কর ফাঁকি কমাতে চায় সরকার: বাণিজ্য উপদেষ্টা

সরকার কর ফাঁকি রোধের পাশাপাশি ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে। সোমবার ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির (এনটিএফসি) নবম সভায় এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, বাণিজ্য সহজীকরণের জন্য অপ্রয়োজনীয় প্রবিধান ও নিয়ন্ত্রক নিয়মকানুন পর্যালোচনা করা হবে। এতে ন্যায়সঙ্গত পরিবেশ ও সমান সুযোগ নিশ্চিত হবে, যা ব্যবসা-বাণিজ্যের পরিমাণ এবং সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি বলেন, আমরা একটি দক্ষ ট্রেড রেজিম গড়ে তুলতে চাই, যা জাতীয় অর্থনীতির উল্লেখযোগ্য উন্নয়ন ঘটাবে এবং সম্পদের সুষম বণ্টনের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান এবং ইপিবির ভাইস চেয়ারম্যান আবদুর রহিম খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।