চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সতর্কবার্তা উপেক্ষা করে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে বন্দর শ্রমিক-কর্মচারীরা ধর্মঘরে নেমেছেন। এতে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত স্থবির হয়ে পড়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ পরিচালনা করে। দিনভর ধর্মঘটের পাশাপাশি বেলা ১১টায় শ্রমিকরা বন্দরের ভেতর থেকে নিমতলা হয়ে ৩ নম্বর গেট পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তারা ৪ নম্বর গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, নিউমুরিং টার্মিনালটি একটি লাভজনক প্রতিষ্ঠান। তা সত্ত্বেও এটি কেন বেসরকারি অপারেটরের কাছে ইজারা দেওয়া হচ্ছে—তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এই চুক্তি প্রক্রিয়াকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তাঁরা হুঁশিয়ারি দেন যে, কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ালে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ সময় কাজ বন্ধ থাকায় বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম থমকে গেছে। এর ফলে দূর-দূরান্ত থেকে পণ্য খালাসের জন্য আসা শত শত ট্রাক ও কাভার্ড ভ্যান বন্দরে আটকা পড়েছে।
সকাল থেকে বন্দরের বিভিন্ন প্রবেশপথে পণ্য ডেলিভারি নিতে আসা শতশত ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলেও প্রায় সব ধরনের পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকায় কোনো গাড়িকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ফলে কন্টেইনার হ্যান্ডলিংসহ সব অপারেশন কার্যত বন্ধ হয়ে গেছে।
বন্দর অচল থাকায় আমদানিকারক ও সি অ্যান্ড এফ এজেন্টরা বিপাকে পড়েছেন। সময়মতো পণ্য খালাস ও সরবরাহ করতে না পারায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। নিরাপত্তার কারণে বন্দরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি গেট ও প্রশাসনিক ভবনের সামনে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ আহার বলেন, ‘শনিবার সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দেননি। বন্দরের সব ইকুইপমেন্ট বন্ধ থাকায় কন্টেইনার হ্যান্ডলিং অপারেশন সম্পূর্ণভাবে থেমে আছে।’ তিনি জানান, শ্রমিকরা বন্দরের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আরেক শ্রমিক নেতা হুমায়ুন কবির বলেন, ‘ধর্মঘট শতভাগ সফল। শ্রমিকরা কর্তৃপক্ষের অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে।’ তিনি আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল রবিবারও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
** বন্দর শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
** এনসিটি ইস্যুতে উত্তাল চট্টগ্রাম বন্দর, শাটডাউন ঘোষণা
