রাজধানীর খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। অনেক মুদি দোকানেই পাওয়া যাচ্ছে না তেল। দু-একটি দোকানে মিললেও সেখানে শুধু ২ ও ৫ লিটারের বোতল পাওয়া যাচ্ছে। আধা লিটার ও ১ লিটারের বোতল প্রায় নেই বললেই চলে। খুচরা বিক্রেতা ও পাইকারি সরবরাহকারীরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর কোম্পানিগুলো ভোজ্যতেলের দাম বাড়িয়েছে। এরপরও বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। মূলত ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে।
বিক্রেতারা বলছেন, বাজারে বোতলজাত সয়াবিনের তীব্র সংকট হওয়ায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। ক্রেতা ধরতে অনেক বিক্রেতা এখন খোলা সয়াবিন তেল বিক্রি শুরু করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। তেল কেনার জন্য ক্রেতারা ৪-৫টি দোকান ঘুরে একটিতে পাচ্ছেন, তাও কাঙ্খিত পরিমাণের বোতল মিলছে না।
খুচরা বিক্রেতারা জানান, বাজারে সয়াবিন তেলের আধা লিটার ও এক লিটারের বোতলের সরবরাহ প্রায় নেই বললেই চলে। পরিবেশকদের কাছে বারবার তাগাদা দিয়েও তারা তেল পাচ্ছেন না। বর্তমানে মাত্র দু-তিনটি কোম্পানি বোতলজাত সয়াবিন তেল বাজারে ছাড়ছে, যা চাহিদার তুলনায় খুবই সামান্য। তাও পাওয়া যাচ্ছে শুধু ২ ও ৫ লিটারের বোতলে। এদিকে, মালিবাগ চৌধুরীপাড়া এলাকার ফরিদ নামের এক ক্রেতা বলেন, ‘আমার এক লিটার সয়াবিন তেলের বোতল প্রয়োজন ছিল। কিন্তু কয়েকটি দোকান ঘুরেও তা পাইনি। তাই বাধ্য হয়ে দুই লিটারের বোতল কিনেছি। এ কারণে অন্য কোনো সদাই না নিয়েই বাড়ি ফিরছি।’
এদিকে, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে এখন প্রতি লিটার সয়াবিন তেলের দাম হয়েছে ২০৪ টাকা। অর্থাৎ, ২ লিটার তেল কিনতে এখন ক্রেতাকে একসঙ্গে গুনতে হচ্ছে ৪০৮ টাকা এবং পাঁচ লিটার তেলের জন্য ১০২০ টাকা। অন্যদিকে, খুচরা বিক্রেতারা জানিয়েছেন, তেল কোম্পানিগুলো তাদের বিক্রির কমিশন একবারে কমিয়ে দিয়েছে। এখন প্রতি লিটারে মাত্র এক টাকা কমিশন দিচ্ছে।
রামপুরা এলাকায় ভাই ভাই স্টোরের দোকানি আফজাল হোসেন বলেন, ৫ লিটার তেল কিনলে এমনিই মানুষ ৫-১০ টাকা কম দিতে চায়। এখন আমাদের মুনাফাই ৫ টাকা। অর্থাৎ, হাজার টাকা ইনভেস্ট করে লাভ হচ্ছে ৫ টাকা। তাও কোম্পানি তেল দিচ্ছে না। সবাইকে জিম্মি করে রেখেছে। এদিকে, বোতলজাত তেলের এ সংকটে খোলা তেলের দাম হুহু করে বাড়ছে। প্রতি লিটার সয়াবিন এখন ২০৫-২০৮ টাকা দরে বিক্রি হতে দেখা যাচ্ছে। এছাড়া, পাম তেল বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা দরে।
