দেশে এখন পেঁয়াজের মৌসুম চলছে। কৃষকরা খেত থেকে মুড়িকাটা পেঁয়াজ তুলছেন এবং বাজারে সরবরাহ করছেন। মৌসুম শুরুর প্রথমদিকে নতুন পেঁয়াজের দাম তুলনামূলকভাবে বেশি ছিল, তবে বর্তমানে তা অনেকটা কমে এসেছে। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর তিনটি খুচরা বাজারে মুড়িকাটা পেঁয়াজের কেজি প্রতি দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। অন্যদিকে পেঁয়াজের অন্যতম উৎপাদন এলাকা পাবনার সাঁথিয়ায় খুচরা বাজারে কেজি প্রতি দাম ৪৫ থেকে ৫০ টাকা। অর্থাৎ ঢাকার বাজারে উৎপাদনস্থলের চেয়ে কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেশি দাম পড়ছে।
বিক্রেতারা জানিয়েছেন, গত তিন সপ্তাহে মুড়িকাটা পেঁয়াজের দাম অর্ধেকে নেমেছে। ডিসেম্বরের শুরুতে এটি কেজি প্রতি ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হত, কিন্তু ধীরে ধীরে দাম কমতে থাকে। মাঠে পেঁয়াজ থাকলেও কৃষকরা তীব্র শীতের কারণে কম সংগ্রহ করছেন। শীত কিছুটা কমলে সামনের কয়েক সপ্তাহে পেঁয়াজের সরবরাহ আরও বাড়তে পারে এবং তখন দাম বর্তমানের তুলনায় আরও কমে যেতে পারে। আজ রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও শেওড়াপাড়া বাজারে খোঁজ নিয়ে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটে গিয়ে দেখা যায়, এই বাজারের সবজি ও মুদিপণ্য বিক্রির দোকানগুলোতে প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা দরে। তবে পেঁয়াজের মান খুব ভালো হলে এবং আকারে বড় হলে দাম আরও ৫ টাকা বেশি, ৭০ টাকা। পরে টাউন হল বাজার ও শেওড়াপাড়া বাজারে গিয়েও দরদামের মোটামুটি একই চিত্র দেখা গেছে। মুড়িকাটা পেঁয়াজের পাশাপাশি আমদানি করা ভারতীয় পেঁয়াজও বিক্রি করছেন অধিকাংশ বিক্রেতা। এ ধরনের পেঁয়াজের কেজি ৭০ থেকে ৮০ টাকা। বর্তমানে বাজারে পুরোনো দেশি পেঁয়াজ সব দোকানে পাওয়া যায় না। আবার দামও তুলনামূলক বেশি। পুরোনো পেঁয়াজের কেজি ৮০ থেকে ১০০ টাকা। ভালো মানের পেঁয়াজ হলে দাম আরও বেশি হয়।
কারওয়ান বাজারে পেঁয়াজের দাম অন্যান্য বাজারের তুলনায় কিছুটা কম। এখানে খুচরা ও পাইকারি—উভয়ভাবে পেঁয়াজ বিক্রি হয়। খুচরায় মুড়িকাটা পেঁয়াজের দাম কেজি প্রতি ৫০ থেকে ৫৫ টাকা, আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম ৬০ থেকে ৭০ টাকা। পাইকারিতে পেঁয়াজ পাল্লা আকারে বিক্রি হয়, যেখানে প্রতি পাল্লায় পাঁচ কেজি থাকে। আজ কারওয়ান বাজারে প্রতি পাল্লা মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫০ থেকে ২৮০ টাকা, আর ভারতীয় পেঁয়াজ ৩৩০ থেকে ৩৫০ টাকায়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত বছরের এই সময়ে দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি ৫০ থেকে ৮৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজের দাম ৬০ থেকে ৮০ টাকা ছিল। অর্থাৎ, গত বছরের একই সময়ের তুলনায় পেঁয়াজের দাম বর্তমানে মোটামুটি সমান অবস্থায় রয়েছে।

