কক্সবাজার-চট্টগ্রামে ৪.৯ মাত্রার ভূমিকম্প

কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম শহরে ভূমিকম্পের হালকা কম্পন অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী এক মৃদু কম্পন অনুভব করেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পন ছিল খুবই স্বল্পমাত্রার এবং কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে যায়। হঠাৎ কম্পনে অনেকে ঘর থেকে বেরিয়ে আসেন এবং এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ৪ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াংয়ে। একই তথ্য দিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে- ইউএসজিএসও। মিয়ানমারে সৃষ্ট এই ভূমিকম্পে চট্টগ্রামও কেঁপেছে।

এটি নিয়ে গত কয়েকদিনে অষ্টমবারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। শুরু হয়েছিল গত ২১ নভেম্বর শুক্রবার। সেদিন নরসিংদীতে ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। এরপর থেকে টানা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েই চলেছে।