সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিমানবন্দর থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন মৌলভীবাজারের সাঈদ আহমদ ও সিলেটের জৈন্তাপুরের আবতাপ উদ্দিন। এসব সোনা তাঁরা চার্জার ফ্যান ও লাইটের ব্যাটারির ‘চেম্বারে’ বিশেষ কৌশলে লুকিয়ে এনেছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) অভিযান চালিয়ে ওই দুই যাত্রীকে আটক করে।
ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়,সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিজি-২৫২ ফ্লাইটের যাত্রী সাঈদ আহমদ ও আবতাপ উদ্দিনের ব্যাগ তল্লাশি করে ১৭.৫ কেজি সোনা উদ্ধার করেছে এনএসআই। প্রথমে সোনায় প্রলেপ থাকায় এটি ধরা পড়েনি, পরে চার্জার ফ্যান ও লাইট খুলে ১২০টি সোনার বার ও ৪টি বল আকৃতির সোনা পাওয়া যায়।
সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বিমানবন্দর এয়ারফ্রেট বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, আটক দুজনের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ মামলা করবে।
