ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে চলবে চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রম

চট্টগ্রাম কাস্টমস হাউসের কার্যালয় আগামী ১ জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে কার্যক্রম পরিচালনা করবে। এ লক্ষ্যে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং চট্টগ্রাম কাস্টমস হাউসের মধ্যে অফিস স্পেস ভাড়া চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার (৫ মে) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে চেম্বারের পক্ষে প্রশাসক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন এবং কাস্টমস হাউসের পক্ষে কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, কাস্টমস হাউসকে ১ লাখ ৫৬ হাজার ৬০০ বর্গফুট অফিস স্পেস এবং ৮ হাজার বর্গফুট গ্যারেজ স্পেস ভাড়া দেওয়া হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন ভবন নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত কাস্টমস হাউসের দাপ্তরিক কার্যক্রম এখান থেকেই পরিচালিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার প্রশাসক মো. মোতাহার হোসেন। এতে বক্তব্য দেন চেম্বারের সাবেক সভাপতি ও থাইল্যান্ডের অনারারি কনসাল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, কাস্টমস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ, চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন-এর সভাপতি এস এম সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক শওকত আলী।

অনুষ্ঠানে চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও ফরিদ আহমেদ চৌধুরীসহ কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তা, চেম্বারের সাবেক নেতা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী।

উল্লেখ্য, দেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিউইয়র্কভিত্তিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান। প্রায় ৭ লাখ বর্গফুট আয়তনের ২৪ তলা এই ভবনে আধুনিক অফিস সুবিধা, কনফারেন্স হল, পার্কিং, হেলিপ্যাড, সেন্ট্রাল এসি, জেনারেটর, ফায়ার সেফটি ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।