এসএ পরিবহন থেকে ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁওয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের ঘোষপাড়া এলাকায় অবস্থিত এই কুরিয়ার অফিস থেকে এ ইয়াবার চালানটি জব্দ করা হয়।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকদিন আগে একজন ব্যক্তি চট্টগ্রাম থেকে একটি কাটা খোলা কয়েলের প্যাকেটের মধ্যে ইয়াবা ট্যাবলেটগুলো ঢেকে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পাঠায়। তবে যে ঠিকানায় পাঠানো হয়েছিল, সেই ফোন নম্বরে একাধিকবার কল করার পরও মোবাইলটি বন্ধ পাওয়া গেছে।

পরবর্তীতে সন্দেহ হওয়ায় প্রশাসনের সহায়তায় কুরিয়ার সার্ভিসের কর্তৃপক্ষ প্যাকেটটি খুলে পরীক্ষা করে। প্যাকেটটিতে ইয়াবা ট্যাবলেট থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনকে অবগত করা হয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সবার উপস্থিতিতে প্যাকেটটি খোলেন। এ সময় প্রশাসন ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ জানান, ইয়াবা ট্যাবলেটের একটি চালান উদ্ধার করা হয়েছে। তবে কে কার কাছে পাঠালো বিষয়টি তদন্ত করার পাশাপাশি আইনগত পদক্ষেপ নেয়া হবে।

** রিটার্নে ২৩৭ কোটি টাকা যোগ করে ফাঁসলেন সালাহউদ্দিন