নিম্নমানের গুঁড়া দুধ বাজারজাতের অভিযোগে এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার (২৪ নভেম্বর) এসএ গ্রুপের উৎপাদিত ‘গোয়ালিনী ডেইলি ফুল ক্রিম মিল্ক পাউডার’ সংক্রান্ত মামলার শুনানিতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথি এ পরোয়ানা জারি করেন।
২৪ নভেম্বর মামলার শুনানির দিন নির্ধারিত থাকলেও মো. সাহাবুদ্দিন আলম আদালতে হাজির হননি। এদিকে তদন্ত ও পরীক্ষাগারে পাওয়া প্রতিবেদনে গোয়ালিনী ফুল ক্রিম মিল্ক পাউডারে ভয়াবহ মানহীনতা ও জালিয়াতির প্রমাণ মিলেছে। ‘ফুল ক্রিম’ নামে বাজারজাত করা হলেও এতে সামান্য পরিমাণ ক্রিমও পাওয়া যায়নি। মান নির্ধারণ অনুযায়ী প্রোটিন থাকার কথা ছিল ৩৪ শতাংশ, কিন্তু পরীক্ষায় পাওয়া গেছে মাত্র সাড়ে ৯ শতাংশ। ল্যাবরেটরি রিপোর্টে আরও বলা হয়েছে, দুগ্ধচর্বির নির্ধারিত মান যেখানে ৪২ শতাংশ বা তার বেশি হওয়া উচিত, সেখানে পাওয়া গেছে মাত্র ৭.৫৮ শতাংশ। বিডিএস মানদণ্ড অনুযায়ী যে সব উপাদান পূর্ণমাত্রায় থাকার কথা, তার কোনোটি–ই এই প্যাকেটজাত দুধে পাওয়া যায়নি।
এই ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মোহাং কামরুল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দুধের গুণমান নিয়ে সন্দেহ হওয়ায় তিনি ৬৫০ টাকা দিয়ে ১ কেজি গোয়ালিনী ডেইলী ফুল ক্রিম মিল্ক পাউডারের একটি প্যাকেট ক্রয় করেন। এরপর সেই নমুনা জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগার ও প্রশিক্ষণ কেন্দ্রে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২০২৫ সালের ২১ অক্টোবর পাওয়া পরীক্ষার প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, গোয়ালিনী ডেইলী ফুল ক্রিম মিল্ক পাউডার ইনটেক কোনোভাবেই মানসম্পন্ন নয়।
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ৩ নভেম্বর মামলাটি আমলে নেয়। এজাহারে এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন আলমকে প্রধান আসামি করা হয়েছে। কোম্পানিটি দীর্ঘদিন ধরে গোয়ালিনী ডেইলী ফুল ক্রিম মিল্ক পাউডার মোড়কজাত ও বাজারজাত করে আসছে। এ বিষয়ে জানতে এসএ গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার মঈন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি সেলস বিভাগে কাজ করেন, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা তাঁর পক্ষে সম্ভব নয়। কর্তৃপক্ষের সংশ্লিষ্ট ব্যক্তির নম্বর চাইলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এমনকি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে যোগাযোগ নম্বর পৌঁছে দেওয়ার অনুরোধ জানালেও তিনি আগ্রহ দেখাননি।
এক সময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমীকে দিয়ে বিজ্ঞাপন বানানো হয়। সেই বিজ্ঞাপন চরিত্রে একটি শিশু দৌড় প্রতিযোগিতা প্রথম হন, নায়িকা মৌসুমীকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়, আর শিশুটি ধন্যবাদ তোমাকে বলার সময় গোয়ালিনী দুধের প্যাকেট দেখানো হয়। ভিডিওতে কনে দেখার আসরে পরিবেশন করার খাবারে সন্তুষ্টি প্রকাশ করলে, কনে ধন্যবাদ দিচ্ছেন সেখানে ভেসে উঠছে গোয়ালিনীর প্যাকেট। অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত বলে সে সময় ব্যাপক প্রচার করা হয়। বিজ্ঞাপনের মডেল মৌসুমী যেমন অনেকটা আড়ালে চলে গেছেন, তেমনি গোয়ালিনী দুধও তাদের মার্কেট থেকে হারিয়ে যাচ্ছে দিনদিন।কখনই দর্শক নন্দিত হতে পারেনি, এখন তাদের কর্মকাণ্ডে চরমভাবে নিন্দিত হচ্ছে কোম্পানিটি। দুধের নামে ভোক্তাদের কি খাওয়াচ্ছে সেই প্রশ্ন এখন সামনে উঠে এসেছে।
