এলাকাভিত্তিক গ্যাস রেশনিং চায় ৪ শিল্প সংগঠন

দেশজুড়ে পোশাক ও টেক্সটাইল কারখানায় ব্যাপকভাবে উৎপাদন বন্ধ ও অচলাবস্থা ঠেকাতে অবিলম্বে গ্যাসের সুষম পুনর্বণ্টন এবং এলাকাভিত্তিক সাপ্তাহিক রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে পোশাক ও টেক্সটাইল খাতের শীর্ষ চার সংগঠন। এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) কাছে যৌথ আবেদন জানিয়েছে তারা। সংগঠনগুলো হলো—বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ)। এসব সংগঠনের সভাপতি ও শীর্ষ নেতারা যৌথ পত্রে স্বাক্ষর করেছেন।

চিঠিতে সংগঠনগুলো উল্লেখ করেছে, গ্যাস বণ্টনে চরম বৈষম্যের কারণে দেশের প্রধান প্রধান শিল্পাঞ্চলে গ্যাসের কাঙ্ক্ষিত চাপ (প্রেসার) মিলছে না। এতে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য রপ্তানির ডেডলাইন পূরণে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। চিঠির সত্যতা নিশ্চিত করে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, প্রতিদিন নামমাত্র (গ্যাসের) চাপে কারখানা চালিয়ে—নিম্নমানের উৎপাদনশীলতা পাওয়ার চেয়ে পর্যায়ক্রমে কোনো একটি সুনির্দিষ্ট অঞ্চলে পূর্ণ চাপে গ্যাস সরবরাহ করা হলে, কারখানাগুলো দক্ষতার সাথে উৎপাদন করতে পারবে। তিনি আরও বলেন, জিটিসিএল যদি এই রেশনিং ব্যবস্থা গ্রহণ করে, তাহলে আমরা আমাদের উৎপাদন পরিকল্পনা কার্যকরভাবে সাজাতে পারব। শ্রমিকদের সম্পূর্ণ বসিয়ে রেখে বেতনও গুনতে হবে না।

বেশিরভাগ পোশাক ও টেক্সটাইল কারখানা তিতাস গ্যাসের এলাকায়

চিঠিতে দেওয়া তথ্যানুযায়ী, বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক উৎপাদন খাতের ৯০ শতাংশেরও বেশি কারখানা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন এলাকায় অবস্থিত। সংগঠনগুলো জানায়, দেশের মোট টেক্সটাইল ও পোশাক কারখানার প্রায় ৯৪ শতাংশ বা আনুমানিক ৬,৫০০টি কারখানা তিতাসের আওতাভুক্ত এলাকায় রয়েছে। এসব কারখানায় কর্মরত রয়েছেন প্রায় ১ কোটি ২০ লাখ শ্রমিক, যা এ খাতের মোট জনবলের প্রায় ৯২ শতাংশ। তৈরি পোশাক খাতের বার্ষিক ৫২ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের সিংহভাগই আসে এসব কারখানা থেকে।

চিঠিতে ২০২৬ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের গ্যাস সরবরাহের তথ্য বিশ্লেষণ করে বণ্টনে বড় ধরনের ব্যবধানের চিত্র তুলে ধরা হয়েছে। সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, দেশে অনুমোদিত শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ খাতের মোট গ্যাস চাহিদার ৭৫ দশমিক ৮৮ শতাংশ, অর্থাৎ প্রতিদিন ১ হাজার ৪৮৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস তিতাসের আওতাধীন এলাকায় প্রয়োজন। এর বিপরীতে জিটিসিএলের কাছ থেকে তিতাসের প্রতিদিন ৯৮০ এমএমসিএফডি গ্যাস পাওয়ার কথা থাকলেও ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত গড়ে তারা পেয়েছে মাত্র ৮৮৩ দশমিক ২০ এমএমসিএফডি। এতে তিতাস এলাকায় দৈনিক ৯৬ দশমিক ৮০ এমএমসিএফডি গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। একই সময়ে দেশের অন্য কয়েকটি অঞ্চলে বরাদ্দের তুলনায় বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনগুলো। চিঠিতে বলা হয়, দেশের অন্য পাঁচটি আঞ্চলিক গ্যাস বিতরণ কোম্পানি প্রতিদিন ৩৭৩ দশমিক ৬০ এমএমসিএফডি গ্যাস পেয়েছে, যা তাদের আনুপাতিক বরাদ্দের চেয়ে ৭০ দশমিক ৩৭ এমএমসিএফডি বেশি।

সপ্তাহে ৫ দিন ঘূর্ণায়মান সরবরাহের প্রস্তাব

সংকট উত্তরণে পোশাল ও টেক্সটাইল শিল্প মালিকদের সংগঠনগুলো প্রধান শিল্পাঞ্চলগুলোকে কয়েকটি সুনির্দিষ্ট জোনে ভাগ করার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতিটি জোনে সপ্তাহে টানা ৫ দিন পূর্ণ চাপে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে এবং পরবর্তী ২ দিন পরিকল্পিতভাবে সংযোগ বন্ধ রাখা বা সীমিত চাপে গ্যাস সরবরাহ করা হবে। তারা উল্লেখ করেন, এই রেশনিং বা পর্যায়ক্রমিক সরবরাহ সূচি নির্ধারণের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন প্রক্রিয়াকরণ কারখানা (কন্টিনিউয়াস প্রসেস প্ল্যান্ট), বয়লার পরিচালনা, পণ্য শিপমেন্টের সময়সীমা, শ্রম আইন এবং কারখানাগুলোর নিরাপত্তা বিধি সতর্কতার সাথে বিবেচনা করতে হবে।

একই সঙ্গে অন্য বিতরণ অঞ্চলগুলোর অতিরিক্ত সরবরাহকৃত গ্যাস— অবিলম্বে তিতাস এলাকায় স্থানান্তরিত করে, কারখানার যন্ত্রপাতি নিরাপদে ও দক্ষতার সাথে চালানোর জন্য উপযুক্ত লাইন প্রেসার বা গ্যাসের চাপ নিশ্চিত করতে—জিটিসিএলের কাছে জোর দাবি জানানো হয়েছে। শিল্পোৎপাদন ব্যাহত হওয়ার মাত্রা কমিয়ে এনে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে, শিল্পাঞ্চলগুলোতে দ্রুততম সময়ের মধ্যে এই সাপ্তাহিক এলাকাভিত্তিক রেশনিং পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো।