এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাসের মারাত্মক স্বল্পচাপ

এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে একটি টার্মিনাল সাময়িকভাবে বন্ধ থাকায় জাতীয় গ্রিডে এলএনজি থেকে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর ফলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড–এর আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির কারণে আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ কম থাকবে। এ স্বল্পচাপের পরিস্থিতি আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গ্যাসের স্বল্পচাপে রান্না ও শিল্পকারখানার উৎপাদনে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আবাসিক এলাকায় চুলা জ্বালাতে ভোগান্তির মুখে পড়ছেন অনেক গ্রাহক।

এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে। সাময়িক এই সমস্যার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এবং সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে।