এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বেড়ে এখন ৫০ %

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়েছে। এত দিন তাঁরা মূল বেতনের ২৫ শতাংশ বোনাস পেলেও এখন থেকে পাবেন ৫০ শতাংশ। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা আসন্ন ঈদুল আজহার আগেই এই বাড়তি বোনাস গ্রহণ করবেন।

সোমবার (২৭ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ চারটি শর্ত যুক্ত করে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত দেয়। তবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের বোনাসে কোনো পরিবর্তন আনা হয়নি, কারণ তাঁরা আগেই মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পেয়ে আসছেন।

নতুনভাবে যেসব শর্ত যুক্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে—উৎসব ভাতা প্রদানের ক্ষেত্রে সব ধরনের আর্থিক বিধিবিধান যথাযথভাবে মানতে হবে। এ সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম হলে তার দায়ভার পড়বে বিল পরিশোধকারী কর্তৃপক্ষের ওপর। এ ছাড়া, প্রশাসনিক মন্ত্রণালয় যেদিন আদেশ (জিও) জারি করবে, সেদিন থেকেই এ ভাতা কার্যকর হবে এবং সেই জিও অর্থ বিভাগে পাঠাতে হবে।

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আছেন প্রায় পাঁচ লাখ। তাঁরা সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্তের ফলে এক ঈদে সরকারের বাড়তি ব্যয় হবে ২২৯ কোটি টাকা।