এনায়েতের নামে ১০৭ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

ঢাকা সড়ক পরিবহন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও এনা ট্রান্সপোর্টের মালিক খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে ১০৭ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে সিআইডি। অভিযোগ রয়েছে, এই অর্থ তিনি চাঁদাবাজির মাধ্যমে অবৈধভাবে উপার্জন করেছেন। সিআইডি জানায়, প্রাথমিক অনুসন্ধানে এনায়েত উল্লাহ এবং তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। এরপর মঙ্গলবার (২৫ নভেম্বর) রমনা থানায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মামলাটি করে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি বলেন, মধ্যবিত্ত পরিবারের সন্তান খন্দকার এনায়েত উল্লাহ আশির দশকের পর পরিবহন সেক্টরে যাত্রা শুরু করেন। পার্টনারশিপে একটি পুরাতন বাস কেনার মাধ্যমে তার ব্যবসার সূচনা হলেও কয়েক বছরের মধ্যে তিনি প্রায় ২০টি বাসের মালিক হয়ে ওঠেন। অল্প সময়েই তিনি পরিবহন মালিকদের সংগঠনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। এরপর তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে তিনি রাজনৈতিক পরিচয় ও প্রভাব বাড়িয়ে নেন। প্রথমে বিএনপির রাজনীতি, পরে আওয়ামী লীগে যোগ দেন এবং ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি পদও লাভ করেন।

সিআইডির এই কর্মকর্তা জানান, রাজনৈতিক পরিচয় খন্দকার এনায়েত উল্লাহকে আরও প্রভাবশালী করে তোলে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ২০২৫ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তন হওয়া পর্যন্ত টানা ১৬ বছর তিনি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিবের দায়িত্বে ছিলেন। দীর্ঘ এই সময়ে তিনি সংগঠনের গুরুত্বপূর্ণ পদগুলো নিজের নিয়ন্ত্রণে রেখে পরিবহন খাতে একক আধিপত্য গড়ে তোলেন। বিভিন্ন সময়ে বিএনপি–জামায়াতের হরতাল ও অবরোধের সময় পরিবহন চালুর ঘোষণা দিয়ে তিনি সংবাদে এলেও, তার নিজের প্রতিষ্ঠানের বাস রাস্তায় নামানো হতো না—যা ছিল তার কৌশলের অংশ।

জসীম উদ্দিন খান বলেন, চাঁদাবাজি কার্যক্রমগুলো ছিল অত্যন্ত সংগঠিত ও ভয়ভীতি-ভিত্তিক। এনায়েত উল্লাহ ও তার সহযোগীরা সিন্ডিকেট গড়ে বিভিন্ন অজুহাতে বাস মালিকদের কাছ থেকে প্রকাশ্য চাঁদা আদায় করতেন। দৈনিক চাঁদার পাশাপাশি মাসিক চাঁদাও নেওয়া হতো এবং নতুন বাস কোনো রুটে নামাতে হলে ২ থেকে ৫ লাখ টাকা দিতে হতো। নতুন বাস কেনার সময় মালিকদের সেই বাসের একটি ভাগও এনায়েতকে দিতে বাধ্য করা হতো, না হলে বাসটি সড়কে চলতে পারত না। এর ফলে অনেক কোম্পানি বিক্রির সময় মালিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে চাঁদা পরিশোধ করত।

সিআইডির মুখপাত্র বলেন, ঢাকার প্রতিটি বাস টার্মিনাল তার নিয়ন্ত্রণে ছিল। শুধু রাজধানী নয়, সারা দেশের বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতিগুলো থেকেও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করা হতো। সশস্ত্র ক্যাডার বাহিনী ব্যবহার করে তিনি পরিবহন সেক্টরে ত্রাসের রাজত্ব চালাতেন। বিএফআইইউ, বিভিন্ন ব্যাংক, ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, বাংলাদেশ মালিক পরিবহন সমিতি এবং মিডিয়ায় প্রকাশিত সংবাদসহ অন্যান্য বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত রেকর্ডপত্রের ওপর ভিত্তি করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট খন্দকার এনায়েত উল্লাহ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। অনুসন্ধানকালে ধানমন্ডির ২টি ফ্ল্যাট এবং রূপগঞ্জের ২টি প্লট সিনিয়র স্পেশাল মহানগর জজ আদালত, ঢাকার আদেশে ক্রোক করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। একই আদালতের আদেশে তাদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। যার মোট স্থিতি প্রায় ১১০ কোটি টাকা। এই দুটি আদেশ গত ৩ জুলাই কার্যকর করা হয়।

সিআইডির বিশ্লেষণে উঠে এসেছে, খন্দকার এনায়েত উল্লাহ ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ১৯৯টি ব্যাংক হিসাবে মোট প্রায় ২ হাজার ১৩১ কোটি টাকা জমা পড়েছে, যার মধ্যে উত্তোলন করা হয়েছে প্রায় ২ হাজার ৭ কোটি টাকা। বিস্তারিত হিসেবে দেখা যায়—এনা ট্রান্সপোর্ট প্রা. লিমিটেডের ৪৩টি হিসাবে জমা হয়েছে ৯৩৪.০৪ কোটি টাকা এবং উত্তোলন হয়েছে ৯০৬.৯৬ কোটি টাকা। এনা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৮টি হিসাবে জমা পড়েছে ৪১০.৩৮ কোটি এবং উত্তোলন ৪০৮.২৫ কোটি টাকা। খন্দকার এনায়েত উল্লাহর ব্যক্তিগত ৭৪টি ব্যাংক হিসাবে জমা হয়েছে ৪৫৯.০৮ কোটি এবং উত্তোলন ৪০২.৭৩ কোটি টাকা। সিআইডির অনুসন্ধানে আরও জানা যায়, ‘স্ট্রাকচারিং’ বা ‘স্মার্ট লেয়ারিং’ কৌশল ব্যবহার করে চাঁদাবাজির মাধ্যমে অর্জিত বিপুল অবৈধ অর্থ বিভিন্ন হিসাবে ঘুরিয়ে–ফিরিয়ে মোট ১০৭ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৭৪ টাকা মানিলন্ডারিং করা হয়েছে।

অনুসন্ধানে প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী খন্দকার এনায়েত উল্লাহসহ তাঁর পাঁচ সহযোগীর বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে রমনা থানায় মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

** এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ
** এনায়েতের ১২৬ কোটি টাকা সহ ২৩৫ বাসের সন্ধান