এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় অপব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার প্রতারণা বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে। সোমবার ঢাকায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, তারা কখনোই ব্যক্তিগতভাবে কাউকে ঋণ, অনুদান বা কোনো ধরনের আর্থিক সহায়তা দেয় না। পাশাপাশি, এ ধরনের সহায়তার বিনিময়ে ব্যক্তিগত আর্থিক তথ্যও চাওয়া হয় না এবং মোবাইল ব্যাংকিংসহ কোনো মাধ্যমেই অর্থ জমা দিতে বলা হয় না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পাওয়া তথ্যে দেখা গেছে, প্রতারক চক্র এডিবি ও এর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ফেসবুক পেজ, ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন প্রতারণামূলক উপকরণ তৈরি করছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। তবে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।
এডিবি জনসাধারণকে ভুয়া ঋণের প্রস্তাব থেকে সতর্ক থাকতে এবং এ ধরনের যোগাযোগে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, এডিবির নাম ব্যবহার করে কেউ ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দিলে তা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। তারা আরও উল্লেখ করেছে, বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে এডিবি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় সরকার ও বেসরকারি খাতের সঙ্গে কাজ করে; তাই কোনো ব্যক্তি পর্যায়ে সরাসরি ঋণ বা সহায়তার প্রস্তাব এলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করা উচিত।
এডিবির নাম, কর্মকর্তাদের পরিচয় বা অফিসের ঠিকানা ব্যবহার করে পরিচালিত প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত এবং এ ধরনের প্রতারণা এড়িয়ে চলার পরামর্শ সংস্থাটির প্রকাশিত সতর্কবার্তায় পাওয়া যাবে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহিষ্ণু প্রবৃদ্ধি এগিয়ে নিতে কাজ করে। বর্তমানে সংস্থাটির সদস্য দেশ ৬৯টি, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
