প্রতিটি এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এর পরও রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রাহকরা বুথ থেকে টাকা তুলতে পারছেন না। প্রয়োজনের সময় বুথে গিয়ে নগদ না পেয়ে ভোগান্তিতে পড়ছেন অনেকে। গ্রাহকদের অভিযোগ, অনেক এটিএম বুথে ‘আউট অব সার্ভিস’ বা ‘নো ক্যাশ’ বার্তা দেখা যাচ্ছে। কোথাও আবার সীমিত পরিমাণ টাকা থাকায় কয়েকজন টাকা তোলার পরই ফুরিয়ে যাচ্ছে নগদ। ফলে এক বুথ থেকে আরেক বুথে ঘুরেও কাঙ্ক্ষিত অর্থ তুলতে পারছেন না অনেকেই। গত দুই দিনে এই সংকট আরও তীব্র হয়েছে। টাকা না পেয়ে অনেক গ্রাহক ক্ষোভ প্রকাশ করেছেন।
সরেজমিন রাজধানীর মতিঝিল, গুলিস্তান, পল্টন, রামপুরা, বাড্ডা ও কারওয়ানবাজার এলাকার অনেকগুলো এটিএম বুথের গিয়ে গ্রাহকের ভোগান্তির চিত্র চোখে পড়েছে। একাধিক বুথে ‘ক্যাশ নেই’ বা ‘আউট অব সার্ভিস’ বার্তা প্রদর্শিত হচ্ছে। কিছু বুথে কার্ড প্রবেশ করলেও লেনদেন সম্পন্ন হচ্ছে না। মতিঝিল এলাকায় একটি বেসরকারি ব্যাংকের বুথে টাকা তুলতে এসে জহুরুল ইসলাম নামের এক গ্রাহক বলেন, তিনটি বুথে চেষ্টা করেছি, কোথাও টাকা পাইনি। জরুরি প্রয়োজনে পড়েছি, কিন্তু টাকা তুলতে পারছি না।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কর্মকর্তারা বলছেন, কিছু এলাকায় অস্থায়ীভাবে নগদ সংকট তৈরি হলেও দ্রুত তা সমাধানের চেষ্টা চলছে। বুথে নগদ অর্থ সরবরাহ বাড়ানো ও প্রযুক্তিগত ত্রুটি নিরসনে কাজ করা হচ্ছে বলেও তারা জানান। তবে গ্রাহকদের দাবি, এমন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত নগদ সরবরাহ নিশ্চিত না হলে ভোগান্তি আরও বাড়বে। দ্রুত এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
ব্যাংকাররা জানিয়েছেন, গ্রাহকসেবা নিশ্চিত করতে তারা সব ধরনের পদক্ষেপ নিয়েছেন। ছুটির সময়েও কেন্দ্রীয়ভাবে ২৪ ঘণ্টা প্রতিটি এটিএম বুথ পর্যবেক্ষণে রাখা হবে। কোথাও কোথাও সাময়িক সমস্যা থাকলেও তা দ্রুত সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তারা। অন্যদিকে বিশ্লেষকদের মতে, ব্যাংকিং খাতে তারল্য সংকটের প্রভাব পড়ছে এটিএম সেবায়। বিশেষ করে কিছু দুর্বল ব্যাংকে নগদ প্রবাহ কমে যাওয়ায় গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত নগদ সরবরাহ স্বাভাবিক করা এবং এটিএম ব্যবস্থাপনা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
এ বিষয়ে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকের শাখা থেকে সরাসরি টাকা উত্তোলন বা ডিজিটাল লেনদেন ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রাহকসেবা নির্বিঘ্ন রাখতে এটিএম বুথে নিয়মিত নগদ সরবরাহ ও তদারকি জোরদারের আহ্বান জানানো হয়েছে ব্যাংকগুলোর প্রতি। অন্যদিকে, কিছু বুথে সকালে নগদ সংকট থাকলেও বিকেলে পরিস্থিতির উন্নতি দেখা গেছে। কারওয়ানবাজারে সাউথইস্ট ব্যাংকের একটি এটিএম বুথের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী জানান, সকালে কোনো গ্রাহকই টাকা তুলতে পারেননি। তবে বিকেলে সমস্যা সমাধান হওয়ায় এখন গ্রাহকরা স্বাভাবিকভাবে টাকা তুলতে পারছেন।
সাউথইস্ট ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. খালিদ মাহমুদ খান বলেন, সাময়িক সমস্যা হয়েছিল। এখন আর এই সমস্যা নেই। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র বলেন, অনেক সময় বুথের টাকা শেষ হয়ে যায়। ওই সময় হয়তো গ্রাহকরা টাকা পাননি। তাছাড়া টাকা না পাওয়ার কোনো কারণ নেই। আমরা পর্যাপ্ত টাকা টাকা রাখার নিদের্শনা দিয়েছি।
