এক মাসে ৫৭% বাড়ল নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার

ডিএসইর তদন্ত

দুর্বল ব্যবসায়িক অবস্থার মধ্যেও এক মাসে শেয়ারদর ৫৭ শতাংশ বৃদ্ধি পাওয়ায় নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলস লিমিটেডের বিষয়ে তদন্ত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই জানিয়েছে, শেয়ারদরের এ ধরনের অস্বাভাবিক ঊর্ধ্বগতির ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক থাকা প্রয়োজন। পাশাপাশি শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে কোম্পানির কাছে ব্যাখ্যা তলব করা হয়। জবাবে নাহি অ্যালুমিনিয়াম জানায়, অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারদর বৃদ্ধি পাচ্ছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৩ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৩ টাকা ৯০ পয়সা, যা ১ জুন লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ৩৭ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ এক মাসে শেয়ারটির দর বেড়েছে ১৩ টাকা ৬০ পয়সা বা প্রায় ৫৭ শতাংশ। অথচ কোম্পানিটির ব্যবসায়িক অবস্থা এখনো দুর্বল। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) শেয়ারপ্রতি ১৭ পয়সা করে মোট ১ কোটি ১৬ লাখ টাকা মুনাফা হলেও এর আগের অর্থবছরে বড় লোকসান গুনতে হয়েছে। ২০২৪–২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৭ টাকা ১৮ পয়সা করে মোট ৪৯ কোটি ৫ লাখ টাকা লোকসান হয়েছিল।

ব্যবসায়িক মন্দার প্রভাবে শেয়ারহোল্ডারদের লভ্যাংশও কমেছে। সর্বশেষ ২০২৫ সালে কোম্পানিটি শেয়ারপ্রতি ১০ পয়সা বা ১ শতাংশ লভ্যাংশ দেয়। ২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত নাহি অ্যালুমিনিয়ামের পরিশোধিত মূলধন ৬৮ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা ৬৭ দশমিক ৭১ শতাংশ।