এক মাসে শীর্ষ ৫ ধনীর সম্পদ কমেছে ৮৮ বিলিয়ন ডলার

যুদ্ধের প্রভাব

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদ এক মাসে ২২ বিলিয়ন ডলার কমে গেছে। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮১৭ বিলিয়ন ডলার। বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এপ্রিল মাসের তালিকায় দেখা যায়, শুধু ইলন মাস্ক নন— শীর্ষ পাঁচ ধনীর সবারই সম্পদ কমেছে। এক মাসে তাদের সম্মিলিত সম্পদ কমেছে প্রায় ৮৮ বিলিয়ন ডলার।

এই তালিকায় আরও রয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, গুগলের আরেক সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এবং মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। শীর্ষ পাঁচ ধনীর সম্মিলিত সম্পদ যে পরিমাণ কমেছে, তা বর্তমান বাজারদরে প্রায় ১০ লাখ ৭৩ হাজার ৬০০ কোটি টাকার সমান—যা বাংলাদেশের চলতি অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের চেয়েও বেশি। বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে শেয়ারবাজারে সূচকের পতন, তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে শীর্ষ ধনীদের সম্পদ কমেছে।

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের শেয়ারবাজার অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রথম ধাক্কায় বিনিয়োগকারীরা ঝুঁকি এড়িয়ে শেয়ার বিক্রি শুরু করেন। ফলে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চজুড়ে এসঅ্যান্ডপি ৫০০ প্রায় ৮ শতাংশ, ডাও জোন্স ৭ শতাংশের মতো পড়ে যায়। নাসডাক সূচকেরও উল্লেখযোগ্য পতন হয়েছে। প্রযুক্তি ও ভোক্তা খাত সবচেয়ে বেশি চাপে পড়ে। মূলত শেয়ারের দাম কমে যাওয়ায় বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের মূল্য কমে গেছে।

কার কত সম্পদ

ফোর্বস সাময়িকী অনুসারে, গত ৩ ফেব্রুয়ারি ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন বা ৮০ হাজার কোটি ডলার বা তার চেয়ে বেশি সম্পদের মালিক হন। তাঁর রকেট কোম্পানি স্পেসএক্স তাঁর-ই কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সএআই অধিগ্রহণ করার পর এই মাইলফলক অর্জিত হয়। ফোর্বসের হিসাবে, এই চুক্তিতে কোম্পানির সম্মিলিত মূল্য দাঁড়ায় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। ফলে মাস্কের সম্পদ ৮৪ বিলিয়ন ডলার বেড়ে রেকর্ড ৮৫২ বিলিয়ন বা ৮৫ হাজার ২০০ কোটি ডলারে ওঠে।

এরপর আজ ফোর্বসের দেওয়া সম্পদের হিসাব অনুসারে, ইলন মাস্কের সম্পদ কমে দাঁড়িয়েছে ৮১৭ বিলিয়ন বা ৮১ হাজার ৭০০ কোটি ডলার। দ্বিতীয় শীর্ষ ধনী গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সম্পদের পরিমাণ এখন ২৩৭ বিলিয়ন বা ২৩ হাজার ৭০০ কোটি ডলার। তাঁর সম্পদ কমেছে ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলার।

অন্যদিকে তৃতীয় স্থানে থাকা অ্যামাজনের মালিক জেফ বেজোসের সম্পদ কমেছে মাত্র ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার। তাঁর এখন সম্পদের পরিমাণ ২২৩ বিলিয়ন বা ২২ হাজার ৩০০ কোটি ডলার। চতুর্থ শীর্ষ ধনী গুগলের আরেক প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের সম্পদের পরিমাণ এখন ২১৯ বিলিয়ন বা ২১ হাজার ৯০০ কোটি ডলার। তাঁর সম্পদ কমেছে ১৮ বিলিয়ন বা ১ হাজার ৮০০ কোটি ডলার।

বিশ্বের পঞ্চম ধনী এখন সামাজিক যোগাযোগমাধ্যম মেটার (ফেসবুক) প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। অবশ্য এক মাসের ব্যবধানে শীর্ষ ৫ ধনীর মধ্যে মার্ক জাকারবার্গের সবচেয়ে বেশি বা ২৭ বিলিয়ন বা ২ হাজার ৭০০ কোটি ডলার কমেছে। এখন তাঁর সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন বা ২১ হাজার ৯০০ কোটি ডলার। পুঁজিবাজারের ওঠানামার সঙ্গে এই অতিধনীদের সম্পদের পরিমাণও প্রতিদিনই বদলে যায়। এই হিসাব প্রতিদিন বা সুনির্দিষ্টভাবে বললে, প্রতিক্ষণেই পরিবর্তিত হয়। সে জন্য ফোর্বস ম্যাগাজিনের রিয়েলটাইম বা তাৎক্ষণিক তালিকাও আছে।