Header – After

এক বছরে ১৮২ পোশাক কারখানা বন্ধ

গণ-অভ্যুত্থানের পর গত এক বছরে ১৮২টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতির প্রভাব পড়েছে রপ্তানি খাতেও; গত দুই মাসে রফতানি প্রায় ৫-৬ শতাংশ কমেছে। রোববার (১২ অক্টোবর) নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গার্মেন্ট ও বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) এই তথ্য জানিয়েছে। সংগঠনটি বলেছে, খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে পোশাক শিল্পের সংগঠনগুলোকে টেকসই উৎপাদনের স্বার্থে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানিয়েছেন, বাংলাদেশের পোশাক খাত প্রতিনিয়ত নানা ধরনের সমস্যা ও জটিলতার মুখোমুখি হচ্ছে। বিজিএমইএ, বিকেএমইএ, বিজিবিএ, বিটিএমএ, বিজিএটিএমইএসহ সব তৈরি পোশাক রপ্তানি শিল্পের সঙ্গে যুক্ত সংগঠনের মধ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনার কোনো নির্দিষ্ট কাঠামো নেই। গত এক বছরে ১৮২টি গার্মেন্ট কারখানা বন্ধ হয়েছে। এর ফলে রপ্তানি ক্রয়াদেশ কমেছে, কর্মসংস্থান সংকট তৈরি হয়েছে এবং ব্যাংক ঋণ জটিলতার সৃষ্টি হয়েছে। একটি কারখানা বন্ধ হওয়া মানে একাধিক বায়িং হাউজ ক্ষতিগ্রস্ত হওয়া, ক্রেতার আস্থা হ্রাস এবং দেশের ব্র্যান্ড ইমেজ ক্ষুণ্ণ হওয়া।

এ পরিস্থিতি উত্তরণে সরকার, রপ্তানিকারক, বায়িং হাউজ ও ক্রেতাদের এক ছাতার নিচে আনার পরামর্শ দিয়ে সংগঠনের পক্ষ থেকে সাতটি প্রস্তাব দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে-কারখানা নিরাপত্তা ও কমপ্লায়েন্স কঠোরভাবে নিশ্চিত করা। নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা করা। এলসি করার ক্ষেত্রে কারখানা ও ব্যাংক দ্রুত পদক্ষেপ গ্রহণ। শিল্পে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ম্যান মেইড ফাইবারকে উৎসাহ দেওয়া। নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের জোগান দেওয়া। অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়াতে নিয়মিত মেলার আয়োজন করা। এলডিসি উত্তরণ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা।

অ্যাসোসিয়েশনের নেতারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্ক আর বাংলাদেশের নির্বাচনজনিত রাজনৈতিক অনিশ্চয়তার কারণে পণ্যের চাহিদা এখনও বৃদ্ধি পায়নি। উৎপাদন সংকট কাটিয়ে না উঠলে নতুন ক্রয়াদেশ পাওয়া কঠিন হবে। তারা মনে করেন, শিল্প উৎপাদন টিকিয়ে রাখতে সরকারের কার্যকর ভূমিকা গ্রহণ এখন সময়ের দাবি।সংগঠনের পক্ষে ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বিজিবিএর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ পিন্টু, ভাইস প্রেসিডেন্ট সাইফুর রহমান ফরহাদ এবং মহাসচিব জাকির হোসেন।