অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়–সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ঋণ নেওয়া প্রায় অর্ধেক প্রতিষ্ঠানই কোম্পানি হিসেবে নিবন্ধিত নয়। অর্থাৎ কোন সত্তাকে ঋণ দেওয়া হয়েছিল, তা স্পষ্ট নয়। তিনি জানান, এরই মধ্যে পাঁচটি ব্যাংক একীভূতকরণসহ নানা সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে পুরো ব্যাংক খাতে আরও গভীর সংস্কারের জন্য একটি ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ গঠনের প্রয়োজন রয়েছে, যা পরবর্তী সরকার করতে পারে।
বৃহস্পতিবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)–এর উদ্যোগে ঢাকার হোটেল আমারিতে ব্যাংকগুলোর ব্যর্থতা, রেজল্যুশন উদ্যোগ ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পিআরআইয়ের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার। তিনি বলেন, ব্যাংক খাতে রক্তক্ষরণ অনেকটাই থেমে এসেছে এবং ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরছে। তাঁর আশা, একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিলে প্রত্যাশা অনুযায়ী অর্থনৈতিক নীতি পরিচালিত হবে।
লুৎফে সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক তৈরি পোশাক কারখানার মালিক পালিয়ে যান। ওই সময় শ্রমিকদের বেতন-ভাতা ইস্যুতে একাধিকবার ঋণ দেওয়া ব্যাংকগুলোর সঙ্গে সভা করতে গিয়ে কোম্পানিগুলোর ঋণ সম্পর্কে জানতে চেয়েছিলাম। তারা জবাব দেয়, ঋণের পরিমাণ ২২ হাজার থেকে ২৬ হাজার কোটি টাকার মধ্যে। অর্থাৎ চার হাজার কোটি টাকার হিসাব নেই। কাকে ঋণ দেওয়া হয়েছিল, অর্ধেক প্রতিষ্ঠান তো কোম্পানি হিসেবে নিবন্ধিত নয়। তার মানে আমরা জানি না কোন সত্তাকে ঋণ দেওয়া হয়েছে।’
মূল প্রবন্ধে পিআরআইয়ের মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, ব্যাংকিং রেজল্যুশন অধ্যাদেশ বাস্তবায়নের জন্য এখন প্রয়োজন কার্যকর প্রক্রিয়া, পদ্ধতি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতায় বিনিয়োগ।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ আখতার হোসেন বলেন, ‘উচ্চ খেলাপির কারণে মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে। মুদ্রানীতি প্রণয়নে আমরা সমস্যার মধ্যে পড়ছি।’ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বলেন, একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের প্রায় ৯০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে। পৃথিবীর কোথাও এমনটা হয়নি। পরে আরও ব্যাংক একীভূতের আওতায় আসবে।
এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, অতীতে অনেক খারাপ ব্যাংক এখন দেশের ভালো ব্যাংক হিসেবে গড়ে উঠেছে। সিটি ব্যাংক তার অন্যতম।

