উৎপাদন বন্ধ, বছরের পর বছর লোকসান, বিপুল ঋণ এবং ঋণাত্মক নিট সম্পদের মতো আর্থিক সংকটের মধ্যেও শেয়ারবাজারে আজিজ পাইপসের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ছে। গত আট কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩৪ শতাংশ। তবে আর্থিক হিসাব ও নিরীক্ষকের পর্যবেক্ষণে কোম্পানিটির ব্যবসা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
আজিজ পাইপসের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরেও এসেছে। এ বিষয়ে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছে স্টক এক্সচেঞ্জ। জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর আজিজ পাইপসের প্রতিটি শেয়ারের দাম ছিল ৭৫ টাকা ৯০ পয়সা। ১৪ অক্টোবর লেনদেন শেষে তা বেড়ে দাঁড়ায় ১০১ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আট কার্যদিবসে শেয়ারটির দাম বেড়েছে ২৫ টাকা ৭০ পয়সা বা প্রায় ৩৪ শতাংশ।
কোম্পানির পক্ষ থেকে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য না থাকার কথা জানানো হলেও স্বল্পমূলধনী প্রতিষ্ঠানটির শেয়ারের এমন দরবৃদ্ধির কারণ স্পষ্ট নয়। একদিকে উৎপাদন বন্ধ ও আর্থিক সংকট, অন্যদিকে শেয়ারদরে বড় উল্লম্ফন—এই বৈপরীত্য বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। আজিজ পাইপসের ব্যবসায়িক পরিস্থিতি দীর্ঘদিন ধরেই নাজুক। আর্থিক সংকটের কারণে কোম্পানিটি ২০২৫ সালের ১ মে উৎপাদন বন্ধ করে দেয়। এরপর কারখানা পুনরায় চালুর বিষয়ে আশাব্যঞ্জক কোনো চিত্র পাওয়া যায়নি।
কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষা করতে গিয়ে নিরীক্ষক জানান, আজিজ পাইপস কয়েক বছর ধরে লোকসান করছে। এতে পুঞ্জীভূত লোকসানের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৯৪ লাখ টাকায়। অন্যদিকে, কোম্পানিটির নিট সম্পদ বা ইক্যুইটি ঋণাত্মক ২৫ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ হিসাব অনুযায়ী, শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটির নিট সম্পদের পরিমাণ ইতিবাচক নয়। এমন আর্থিক অবস্থায় ব্যবসা পরিচালনা অব্যাহত রাখা এবং কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে গুরুতর অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরীক্ষকও কোম্পানিটির ব্যবসা পরিচালনা ও টিকে থাকার সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
আজিজ পাইপসের আর্থিক হিসাবের বিভিন্ন খাতে অসংগতি ও যাচাই-সংক্রান্ত সীমাবদ্ধতার তথ্যও উঠে এসেছে নিরীক্ষকের পর্যবেক্ষণে। আর্থিক হিসাবে কোম্পানিটির ২২ কোটি ৮২ লাখ টাকার স্থায়ী সম্পদ দেখানো হয়েছে। তবে জমি, ভবন ও যন্ত্রপাতি ছাড়া অন্যান্য স্থায়ী সম্পদের বিষয়ে নিশ্চিত হতে পারেননি নিরীক্ষক। ফলে এসব সম্পদের হিসাবের যথার্থতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
কোম্পানিটির মজুদ পণ্যের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ৯৪ লাখ টাকা। এর উল্লেখযোগ্য অংশ ব্যবহার অনুপযোগী হলেও হিসাবমান অনুযায়ী প্রয়োজনীয় সঞ্চিতি গঠন করা হয়নি বলে জানিয়েছেন নিরীক্ষক। ব্যবহার অনুপযোগী পণ্যের যথাযথ মূল্যায়ন না হলে কোম্পানির সম্পদ ও আর্থিক অবস্থার চিত্র বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।
এ ছাড়া বিভিন্ন গ্রাহকের কাছে কোম্পানিটির পাওনা রয়েছে ২ কোটি ৭৩ লাখ টাকা। কিন্তু এসব পাওনার বিস্তারিত তালিকা নিরীক্ষককে দিতে পারেনি কর্তৃপক্ষ। পাওনার মধ্যে ১ কোটি ৫৩ লাখ টাকা এক বছরের বেশি সময় ধরে অনাদায়ি রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা এসব পাওনার বিপরীতে প্রয়োজনীয় সঞ্চিতি গঠন না করার বিষয়টিও নিরীক্ষকের পর্যবেক্ষণে উঠে এসেছে।
ব্যাংকঋণ আদায়ে আইনি পদক্ষেপের কারণে আজিজ পাইপসের আর্থিক সংকট আরও ঘনীভূত হয়েছে। কোম্পানিটির বিরুদ্ধে উত্তরা ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের ঋণসংক্রান্ত মামলা রয়েছে। নিরীক্ষকের তথ্য অনুযায়ী, উত্তরা ব্যাংকের কাছে কোম্পানিটির ঋণের পরিমাণ ২২ কোটি ৮৯ লাখ টাকা। এ ঋণ নিয়ে বিচারিক কার্যক্রম চলছে। ব্যাংকটি ২০১৮ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়ের সুদসহ ৭২ কোটি ৫১ লাখ টাকা দাবি করে আইনি পদক্ষেপ নিয়েছে।
অন্যদিকে, ডাচ্-বাংলা ব্যাংক থেকে নেওয়া ৭ কোটি ৫১ লাখ টাকার ঋণ রয়েছে কোম্পানিটির। এই ঋণের বিপরীতে ২০২২ সালের ২০ অক্টোবর পর্যন্ত সময়ের জন্য ৩৪ কোটি ৬ লাখ টাকা দাবি করে মামলা করেছে ব্যাংকটি। দুই ব্যাংকের দাবির পরিমাণ, দীর্ঘদিনের লোকসান ও উৎপাদন বন্ধ থাকার পরিস্থিতি বিবেচনায় কোম্পানিটির আর্থিক পুনরুদ্ধারের পথ কঠিন বলে প্রতীয়মান হয়। ঋণসংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি এবং দায় পরিশোধের বাস্তব চিত্রও কোম্পানিটির ভবিষ্যৎ মূল্যায়নে গুরুত্বপূর্ণ। ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আজিজ পাইপসের পরিশোধিত মূলধন মাত্র ৫ কোটি ৩৫ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে অন্যান্য শ্রেণির বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৮৮ দশমিক ৮৪ শতাংশ শেয়ার।
