ঈদ বোনাস দেয়নি অর্ধেক শিল্পকারখানা

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গত ফেব্রুয়ারি মাসের বেতন এক-চতুর্থাংশ শিল্পকারখানায় এখনও বকেয়া রয়েছে। এছাড়া অর্ধেক শিল্পকারখানা এখনো শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেনি। দেশের বিভিন্ন অঞ্চলের ১০ হাজার ১০০টি শিল্পকারখানা শিল্প পুলিশের তদারকির মধ্যে রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত সোমবার পর্যন্ত ২৫ শতাংশ অর্থাৎ ২ হাজার ৫৪৪টি কারখানা গত মাসের বেতন ও ভাতা পরিশোধ করেনি। একই সময়ে ৪৫.৫৭ শতাংশ বা ৫ হাজার ৭টি কারখানা এখনো ঈদ বোনাস প্রদান করেনি।

চলতি মাসের শুরুতে মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকের পর শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী দেশের শিল্পকারখানার শ্রমিকদের জন্য নির্দেশ দেন, যাতে ফেব্রুয়ারি মাসের বেতন ৯ মার্চ এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধ করা হয়। সরকার সচল ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে শ্রমিক-কর্মচারীদের এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ সহজ শর্তে ঋণ হিসেবে দেয়ার সুবিধা করেছে। এছাড়া চলতি মাসে রপ্তানিমুখী শিল্প খাতের বকেয়া ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। তবু, প্রতিবছরের মতো এবারও ঈদের আগে শ্রমিকরা বেতন-ভাতা দাবি করে রাস্তায় নামতে দেখা গেছে।

ইন্ডাস্ট্রিয়ল বাংলাদেশ কাউন্সিলের সাবেক মহাসচিব সালাউদ্দিন স্বপন বলেন, তৈরি পোশাকশিল্পের কিছু মালিক ইচ্ছা করেই ফেব্রুয়ারি মাসের বেতন ও বোনাস দেরিতে দিচ্ছেন। কারণ, আগে বেতন-বোনাস দিলে শ্রমিকেরা চলতি মাসের বেতনের একটি অংশ চাইবেন। অথচ কিছু কারখানা ইতিমধ্যে ফেব্রুয়ারির বেতন-বোনাস ও চলতি মার্চের ১০ দিনের বেতন দিয়েছে।

গাজীপুরের এইচডিএফ অ্যাপারেলের শতাধিক শ্রমিকের বেতন ও ভাতা পরিশোধ অনিশ্চিত রয়েছে, কারণ কারখানার মালিককে পাওয়া যাচ্ছে না। আগে নারায়ণগঞ্জের একটি কারখানার বেতন ও বোনাস পরিশোধকে কেন্দ্র করে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর তিনজন নেতা কারখানাটিকে ৩০ লাখ টাকা ঋণ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, আগামী বুধ ও বৃহস্পতিবার শিল্পাঞ্চলে ব্যাংক লেনদেন সম্পন্ন হবে। এর মধ্যেই কারখানাগুলো শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ করে ছুটি দেবে। আশা করি, বেতন-বোনাস নিয়ে কোনো সমস্যা হবে না।

এদিকে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য সচল কারখানা ২ হাজার ১২৭ (ঢাকা ও চট্টগ্রাম)। এর মধ্যে গতকাল পর্যন্ত ২ হাজার ৯০টি ফেব্রুয়ারি মাসের বেতন দিয়েছে। তার মানে বেতন পরিশোধ বাকি আছে ৩৭ কারখানায়। আর ঈদ বোনাস দিয়েছে ২ হাজার ৫১টি, অর্থাৎ এখনো বোনাস দেয়নি ৭৬ কারখানা। এ ছাড়া জানুয়ারি মাসের বেতন বাকি আছে ৫ কারখানায়। মার্চ মাসের অগ্রিম বেতন দিয়েছে ৪৭৮ শিল্পকারখানা।

জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘শেষ মুহূর্তে দু-একটি কারখানায় বেতন-ভাতা ও বোনাস পরিশোধে সমস্যা হলেও হতে পারে। তেমন কিছু হলে আমরা সমাধানের চেষ্টা করব। শ্রমিকের বেতন-বোনাস পরিশোধের বিষয়টি আমরা যথাযথভাবে তদারক করছি।’ বিজিএমইএ জানায়, মঙ্গলবার ৩৫ শতাংশ বা ৬২৫টি তৈরি পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু হবে। আগামীকাল বুধবার ৪৫ শতাংশ বা ৮০৩টি কারখানায় ছুটি হবে। বৃহস্পতিবার ছুটি হবে ৮৯টি কারখানার।

** ৩২% কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতনই দেয়নি