ঈদের দিনেও হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এ-সংক্রান্ত উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন, আর সন্দেহজনক উপসর্গে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। একই সময়ে নতুন করে ৭৩২ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৯৪৩ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৮ হাজার ৫৭৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৫০ জন ও আক্রান্ত ৩৮ হাজার ৬২৩ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ (২৯ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের।