ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত

পবিত্র ঈদুল ফিতরের টানা সরকারি ছুটি শেষ হচ্ছে সোমবার (২৩ মার্চ)। সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। গত শনিবার (২১ মার্চ) দেশে মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

টানা সাত দিনের ঈদের ছুটি শেষে মঙ্গলবার কর্মজীবীরা অফিসে যোগ দেবেন। একই সঙ্গে খুলছে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান। তবে ঈদের ছুটির পরপরই ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় অনেকেই ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এর সঙ্গে ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অনেকের ছুটি দীর্ঘ হয়েছে। সব মিলিয়ে অনেক কর্মজীবী ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ছুটি কাটিয়ে পরে কর্মস্থলে ফিরবেন।

ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম পুরোদমে শুরু হতে এ সপ্তাহ কেটে যাবে। আগামী সপ্তাহে স্বাভাবিক রূপে ফিরবে রাজধানী। আগের বছরগুলোতে দেখা গেছে, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ার তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে ব্যস্ত থাকেন। একইভাবে ব্যাংকপাড়ায়ও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা পাঁচ দিন ছুটি কাটাচ্ছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব)। তাদের ছুটিও আজ শেষ হচ্ছে।