পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে রাজধানীর মেট্রোরেল চলাচলের জন্য বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এসব দিনে নির্ধারিত সময়সূচি ও নির্দিষ্ট বিরতিতে (হেডওয়ে) ট্রেন চলাচল করবে।
ডিএমটিসিএলের ঘোষিত সূচি অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়বে। একইভাবে দিনের শেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে। বিশেষ এই সময়সূচিতে ট্রেন চলাচলের বিরতি (হেডওয়ে) সর্বনিম্ন ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। যাত্রীচাপ বিবেচনায় ট্রিপের সংখ্যা প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা হবে এবং প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে, যেখানে ৭টি ট্রেন সেট ব্যবহার করা হবে।
টিকিট বিক্রয় ও রিচার্জের বিষয়ে বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ১টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় এবং এমআরটি বা র্যাপিড পাস রিচার্জ করা যাবে। তবে শুক্রবারের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে; এদিন উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট থেকে টিকিট বিক্রি শুরু হবে।
উল্লেখ্য, প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটের পর সকল মেট্রোরেল স্টেশনের টিকিট কাউন্টার ও টিকিট মেশিন বন্ধ হয়ে যাবে। তবে নির্ধারিত সময়সূচির মধ্যে সকল স্টেশন থেকেই নতুন র্যাপিড পাস ক্রয়ের সুযোগ থাকবে।
ডিএমটিসিএল আরও স্পষ্ট করেছে যে, শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী ২১ মে ২০২৬ তারিখে এ সংক্রান্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
