ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে এই টিকিট বিক্রি শুরু হবে এবং সেদিন ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। এবারও টিকিট বিক্রি পুরোপুরি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে। মঙ্গলবার (৫ মে) রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ঈদ প্রস্তুতি সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘১৩ মে থেকে পর্যায়ক্রমে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ঈদের আগপর্যন্ত তা চলবে।’ রেলের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট, ১৪ মে বিক্রি হবে ২৪ মে যাত্রার টিকিট, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে।

আগের নিয়ম অনুযায়ী এবারও সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী প্রতিদিন একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অন্যদিকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে, যেদিন ৩১ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। পরবর্তী সময়ে ২২ মে ১ জুন, ২৩ মে ২ জুন, ২৪ মে ৩ জুন এবং ২৫ মে ৪ জুন যাত্রার ফিরতি টিকিট পর্যায়ক্রমে বিক্রি করা হবে।

এক নির্দেশনায় বলা হয়েছে, ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী একবার করে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

রেলের তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে এবার ১০টি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানো হবে। পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য থাকবে দুটি (ক্যাটল স্পেশাল) পশুবাহী বিশেষ ট্রেন। যাত্রীবাহী বিশেষ ট্রেনগুলোর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলবে ‘তিস্তা স্পেশাল’ এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর স্পেশাল’। এ দুটি ট্রেন ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন চলাচল করবে।

এ ছাড়া জয়দেবপুর–পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর স্পেশাল’ ট্রেন ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত তিন দিন এবং ঈদের পর আরও তিন দিন চলাচল করবে। অন্য চারটি বিশেষ ট্রেন শুধু ঈদের দিন পরিচালিত হবে, যা ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়ার ঈদগাহে যাত্রী পরিবহন করবে। পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে দুটি বিশেষ ক্যাটল ট্রেন চালানো হবে, যা দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।