ই-রিটার্ন জমার সময় বাড়াবেন যেভাবে

৩১ মার্চ ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমার শেষ সময়। এবার একাধিকবার সময় বাড়ানো হয়েছে এবং এরপর আর সময় বাড়ানো নাও হতে পারে। যদি কেউ ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা দিতে না পারেন, দুশ্চিন্তার কিছু নেই। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার অনলাইনের মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করার সুযোগ দিয়েছে। অনলাইনে আবেদন করলে রিটার্ন জমানোর সময় বাড়ানোর সুযোগ পাওয়া যাবে।

এনবিআর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৪১ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। আর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই–রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ করদাতা নিবন্ধন নিয়েছেন। বর্তমানে ১ কোটি ২০ লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। ৩১ মার্চ পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা তাঁদের সারা বছরের আয়–ব্যয়ের খরচ জানিয়ে আয়কর রিটার্ন দিতে পারবেন। চলতি বছরে কিছু ব্যতিক্রম ছাড়া সব করদাতার অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।

যেভাবে আবেদন করতে হবে

রিটার্ন জমার জন্য সময় বাড়ানোর আবেদন এবং অনুমোদনের প্রক্রিয়া সহজ করতে এনবিআর অনলাইন সিস্টেম চালু করেছে। করদাতারা এখন এনবিআরের ওয়েবসাইটে লগইন করে ই-রিটার্ন সিস্টেমের ‘টাইম এক্সটেনশন’ মেনু ব্যবহার করে অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন। অনলাইনে জমা দেওয়া আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর কমিশনার অনলাইনে অনুমোদন বা নামঞ্জুর করবেন। আবেদন মঞ্জুর হলে করদাতা বর্ধিত সময়ে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

সময়সীমা

অনলাইনে আবেদনের ক্ষেত্রে করদাতারা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন থাকতে হবে। ৩১ মার্চের আগে আবেদন করা বাধ্যতামূলক। যেসব করদাতার জন্য অনলাইন রিটার্ন জমা বাধ্যতামূলক নয়, তাঁরা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট কর সার্কেলে লিখিতভাবে উভয় পদ্ধতিতেই সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

সময় পাবেন ৯০ দিন

ব্যক্তি করদাতারা ৩১ মার্চের আগে আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন জমার জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারেন।