ইউনিয়ন ব্যাংকের লোকসান প্রায় ২৬,০০০ কোটি টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত এস আলম গ্রুপের লুটপাটে ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ব্যাংক পিএলসি ২০২৪ সালে শেয়ারপ্রতি প্রায় ২৪৯ টাকা লোকসান করেছে। এতে চলতি বছরে ব্যাংকটির মোট নিট লোকসান দাঁড়িয়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। এর আগের বছর ব্যাংকটির লোকসান ছিল ২৯২ কোটি টাকার বেশি। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপ থেকে এসব তথ্য জানা যায়।

সার সংক্ষেপ অনুযায়ী, ২০২৪ সালে শেয়ারপ্রতি লোকসান ২৪৮ টাকা ৯১ পয়সা হারে ব্যাংকের নিট লোকসান হয়েছে ২৫ হাজার ৭৯৪ কোটি ৬ লাখ টাকা। আগের বছরে শেয়ারপ্রতি লোকাসন ২ টাকা ৮২ পয়সা হারে নিট লোকসান হয়েছিল ২৯২ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ব্যাংকের নিট লোকসান বেড়েছে ২৫ হাজার ৫০১ কোটি ৮৩ লাখ টাকা বা ৮৮ গুণ।

ইউনিয়ন ব্যাংকসহ দুরবস্থায় পতিত হওয়া ৫টি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাঁচ ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন ব্যাংক করা হচ্ছে। অন্য ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা গেছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের মোট মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা, আর বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের আমানত শেয়ারে রূপান্তরের মাধ্যমে যোগ হবে। নতুন এ ব্যাংকের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।