আ স ম রবের চেয়ে স্ত্রী তানিয়া রবের সম্পদ ১৪ গুণ

হলফনামা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর–৪ আসনে মনোনয়নপত্র দাখিল করা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)–এর সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব সম্পদের হিসাবে তাঁর স্বামী, দলটির সভাপতি আ স ম আবদুর রব–কে অনেকটাই ছাড়িয়ে গেছেন। হলফনামা অনুযায়ী, তানিয়া রবের মোট সম্পদের পরিমাণ ১৪ কোটি ৮ লাখ ৯ হাজার ৮৮৭ টাকা, যা স্বামীর সম্পদের তুলনায় প্রায় ১৪ গুণ বেশি। পেশায় ব্যবসায়ী তানিয়া রবের বার্ষিক আয় ৮২ লাখ ৯২ হাজার ১১ টাকা, যা তাঁর স্বামীর আয়ের চেয়েও কয়েক গুণ বেশি।

তার স্বামী আ স ম আবদুর রব–এর বার্ষিক আয় ২৫ লাখ ৯৯ হাজার ৭৬০ টাকা এবং মোট সম্পদের মূল্য ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪০৩ টাকা। তানিয়া রব মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন। একাত্তরে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনকারী, ডাকসুর সাবেক ভিপি আবদুর রবের সহধর্মিণী তানিয়া রব লক্ষ্মীপুরের **রামগতি উপজেলা**র চরবাদাম গ্রামের প্রয়াত আলী আজমের বাড়ির বাসিন্দা। তাঁর নির্বাচনি এলাকা রামগতি ও কমলনগর।

হলফনামায় তানিয়া রব উল্লেখ করেছেন, তিনি পেশায় ব্যবসায়ী। অস্থাবর সম্পদের হিসাবে তাঁর ব্যাংক হিসাবে জমা আছে ২ লাখ ৪৮ হাজার ৯৬১ টাকা। বন্ড, ঋণপত্র ও শেয়ারে তাঁর বিনিয়োগের পরিমাণ ৫ কোটি ৭৫ লাখ ৩ হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আমানত ও বিনিয়োগ রয়েছে ৪৫ লাখ টাকা। হলফনামা অনুযায়ী, তানিয়া রবের মালিকানায় দুটি গাড়ি রয়েছে, যার মূল্য ৬১ লাখ ৬৫ হাজার টাকা। স্বর্ণসহ মূল্যবান ধাতুর ৫০ ভরি গহনা এবং ১০ লাখ টাকার আসবাবপত্রও তাঁর সম্পদের অন্তর্ভুক্ত। এসব অস্থাবর সম্পদের অর্জনকালীন মোট মূল্য ৬ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৯৬১ টাকা। স্থাবর সম্পদের মধ্যে তাঁর রয়েছে ১ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৩৩ টাকা মূল্যের আবাসিক বা বাণিজ্যিক ভবন। বাড়িসহ অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া বাবদ তাঁর বার্ষিক আয় ১৪ লাখ ৭২ হাজার ২২৬ টাকা। পাশাপাশি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে বছরে আয় হয় ৬৮ লাখ ১৯ হাজার ৭৮৫ টাকা। সর্বশেষ তিনি ২৩ লাখ ২০ হাজার ৭০৮ টাকা আয়কর পরিশোধ করেছেন।

জেএসডি সিনিয়র সহসভাপতি তানিয়ার স্বামী শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদে মন্ত্রিসভার ঠাঁই পাওয়া আবদুর রবের বার্ষিক আয় ২৫ লাখ ৯৯ হাজার ৭৬০ টাকা। পেশায় ব্যবসায়ী এই নেতার স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪০৩ টাকার সম্পদ রয়েছে। এরমধ্যে আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রয়েছে ১৬ লাখ ৪২ হাজার ৭২৬ টাকা। বন্ড, ঋণপত্র, শেয়ারে বিনিয়োগ রয়েছে ১ কোটি টাকা। আছে ৩০ লাখ টাকার স্থায়ী আমানত। ১০ ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকার আসবাবপত্র আছে রবের জেএসডি প্রধান উত্তরাধিকার সূত্রে ৫৪ লাখ ৫৪ হাজার ৭৭ টাকার সম্পদের মালিক। তিনি সবশেষ ৩ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা আয়কর দিয়েছেন।

স্নাতক ডিগ্রিধারী তানিয়া রব হলফনামায় বলেছেন, তাদের তিন ছেলের একজন পিএইচডি গবেষক, আরেকজন মিডিয়া কো-অর্ডিনেটর, আর অপরজনের পেশা চাকরি। উত্তরার ঠিকানায় থাকা এই রাজনীতিকের বিরুদ্ধে কোনো মামলা নেই।