কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা তাঁর নির্বাচনী হলফনামায় বার্ষিক আয় ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা উল্লেখ করেছেন। একই সঙ্গে মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা দেখানো হয়েছে।
হলফনামা অনুযায়ী, মুফতি আমির হামজার পেশা হিসেবে উল্লেখ রয়েছে কাপড় ও বইয়ের ব্যবসা। তবে ইসলামি বক্তা হিসেবে ওয়াজ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ কিংবা আকিজ গ্রুপের খতিব হিসেবে তাঁর আয়ের নির্দিষ্ট বিবরণ হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ নেই।
এ বিষয়ে জানতে চাইলে আমির হামজা বলেন, ওয়াজ মাহফিল থেকে যে আয় হয়, সেটিকেই বার্ষিক আয়ের হিসাব হিসেবে দেখানো হয়েছে। তিনি জানান, তিনি আকিজ গ্রুপের খতিব হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন এবং তাঁর পারিবারিক ব্যয় আকিজ গ্রুপ বহন করে। এর বিনিময়ে মাহফিল থেকে প্রাপ্ত আয় আকিজ গ্রুপ পরিচালিত মাদ্রাসা ও এতিমখানায় দান করে দেন বলে দাবি করেন তিনি।
হলফনামায় আমির হামজার নামে ১০ ভরি স্বর্ণালংকার উল্লেখ রয়েছে, যা উপহার হিসেবে পাওয়া বলে দেখানো হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, বিয়ের সময় স্ত্রীর জন্য কেনা স্বর্ণ দেনমোহর হিসেবে পরিশোধ হয়ে গেছে। পরবর্তীতে কোনো স্বর্ণ কেনা হয়নি। তাঁর স্ত্রীর বাবা ধনী ব্যক্তি হওয়ায় এসব গহনা উপহার হিসেবে পাওয়া।
হলফনামা অনুযায়ী, মুফতি আমির হামজা–এর একটি গাড়ি রয়েছে, যার মূল্য ২৫ লাখ টাকা দেখানো হয়েছে। তবে গাড়ির মডেল বা রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়নি। তিনি জানিয়েছেন, ব্যবহৃত গাড়িটি একটি টয়োটা নোহা, যা পাঁচ বছরের পুরোনো এবং ফরিদপুরের এক মালিকের কাছ থেকে কেনা হয়েছে। নতুন গাড়ির বাজারমূল্য প্রায় ৩৮ লাখ টাকা হওয়ায় ব্যবহৃত গাড়ির মূল্য কম দেখানো হয়েছে, এমন ব্যাখ্যা দিয়েছেন তিনি।
