দাম স্থিতিশীল রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে, যা আজ (সোমবার) থেকেই কার্যকর হচ্ছে। এ ঘোষণার পর একদিনের ব্যবধানে পণ্যটির দাম ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমে গেছে। সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ২৮০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের দিন ছিল ৩৫০ থেকে ৪০০ টাকা।
রাজধানীর মগদা ও মানিকনগর বাজারে হাইব্রিড কাঁচা মরিচ কেজিপ্রতি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর গাঢ় সবুজ জাতের চাষের মরিচ ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিন আগের টানা বৃষ্টির কারণে কৃষকের জমির কাঁচা মরিচ প্রচুর পরিমাণ নষ্ট হয়েছে। ফলে সরবরাহে এই সংকট তৈরি হয়েছে। এতে কয়েকদিনের মধ্যেই কাঁচা মরিচের দাম প্রায় তিনগুণ পর্যন্ত বেড়েছিল। এখন দাম কিছুটা কমতে শুরু করেছে।
মানিকনগর পুকুরপাড় বাজারের সবজি বিক্রেতা আকবর আলী জানান, টানা বৃষ্টিতে মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইকারি বাজারে সরবরাহ কমে গিয়েছিল। তবে আজ কিছুটা সরবরাহ বাড়ায় দামে স্বস্তি এসেছে। একই বাজারে কাঁচা মরিচ কিনতে এসে অসন্তোষ প্রকাশ করেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক রোকন উদ্দিন। তিনি বলেন, কাঁচা মরিচের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেট রয়েছে। কয়েক দিন আগেও তিনি ২৫০ গ্রাম মরিচ ২০ টাকায় কিনেছেন, যা এখন কিনতে ৮০ টাকা গুনতে হচ্ছে। তাঁর প্রশ্ন, যদি সিন্ডিকেট না থাকে, তাহলে গতকাল ৪০০ টাকা কেজি দরের মরিচ আজ কীভাবে ৩০০ টাকায় নেমে এলো?
প্রসঙ্গত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে গতকাল রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ গণমাধ্যমকর্মীদের জানান কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং কাঁচা মরিচ আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল (আজ) থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। ফলে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
