সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংকের (এসবিএসি) চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। জনতা ব্যাংকে তিনি ৭৫ কোটি ২২ লাখ টাকা ঋণ খেলাপি। ঋণ খেলাপির মামলায় এস এম আমজাদ হোসেন ও তার স্ত্রী সুফিয়া আমজাদকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা অর্থ ঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুল রহমান এই নিষেধাজ্ঞা দিয়েছেন। এস এম আমজাদ হোসেন খুলনার লকপুর গ্রুপের সাবেক চেয়ারম্যান।
এর আগে আমজাদ, তার স্ত্রী ও কন্যার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়। ঋণ জালিয়াতি, রাজনৈতিক দলীয় কর্মকাণ্ডে অর্থায়নসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় আমজাদ হোসেন, তার স্ত্রী ও কন্যার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২০ সালের ৯ জানুয়ারি পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর পাঠানো চিঠিতে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞায় অনুরোধ জানিয়েছে দুদক। অনুসন্ধান দলের প্রধান ও সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের সই করা চিঠির সূত্রে বিষয়টি জানা গেছে। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্যরা হলেন-আমজাদ হোসেনের স্ত্রী বেগম সুফিয়া আমজাদ ও তার কন্যা মিস তাজরি। চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশে মানিলন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদকের কাছে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার তথ্য থাকায় এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
