আবার সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। কোরবানি ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার যে বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল, তা সোমবার থেকেই শেষ হচ্ছে। সোমবার বিদ্যুৎ বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়, সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখতে হবে।

এতে দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও ওই সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগের এ নির্দেশনা সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। ইরান যুদ্ধের জেরে জ্বালানি সাশ্রয়ে সরকার দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত চালুর নিয়ম করেছে।

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে প্রথমে ৩ এপ্রিল থেকে সরকার শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল থেকে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের সময় বাড়ানোর অনুরোধে তা রাত ১০টা পর্যন্ত করা হয়। ঈদের ছুটি শেষে ওই বিশেষ ব্যবস্থা শেষ হওয়ায় ১ জুন থেকে আগের নির্দেশনা পুনরায় কার্যকর করার কথা বলা হয়েছে সর্বশেষ নির্দেশনায়। বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে এর আগেও একাধিকবার বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আলোকসজ্জার জন্য সময়সীমা নির্ধারণ করেছিল সরকার। এবারও বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদারের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি তাপপ্রবাহ, সেচ মৌসুম ও বাড়তি চাহিদার কারণে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। যদিও সরকার বলছে, বর্তমানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আগের বছরের তুলনায় উন্নত রয়েছে, তারপরও সাশ্রয়মূলক পদক্ষেপ অব্যাহত রাখা হচ্ছে।