আবার বাড়লো স্বর্ণের দাম, ভরি দেড় লাখ ছুঁইছুঁই

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানোর ঘোষণা দিয়েছে। এবার ভরিতে সর্বোচ্চ ২,৯২৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন করে দাম বাড়ানোর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪৭,৮১৮ টাকা। স্বর্ণের এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে গত ১ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ ১ লাখ ৪৪,৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল স্বর্ণের দাম। গত বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানোর পর, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৪৭,৮১৮ টাকায়। ২১ ক্যারেটের মূল্য হবে ১ লাখ ৪১,০৯৯ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ২০,৯৪৪ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম হবে ৯৯,৫২৯ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৫৮৬ টাকা।