আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনায় দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে।

মহাপরিচালক জানান, গত ২৭ মে হাসপাতালটিতে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার পর সংশ্লিষ্ট অর্ডিন্যান্সের ১১ ধারা অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়, যেখানে জানতে চাওয়া হয় কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। নোটিশের জবাব দিতে প্রথমে ৭ জুন বিকেল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হলেও, হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পর তা বাড়িয়ে ৯ জুন বিকেল পাঁচটা পর্যন্ত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের লিখিত জবাব জমা দেয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ যে জবাব ও ব্যাখ্যা দিয়েছে, তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক বিবেচিত হয়নি। ফলে ১৯৮২ সালের অর্ডিন্যান্সের ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইন অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষের সামনে এখনও আপিলের সুযোগ রয়েছে। মহাপরিচালক বলেন, অর্ডিন্যান্সের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করতে পারবে প্রতিষ্ঠানটি।