Header – After

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৬.৭ ডিগ্রি

শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে, সঙ্গে কমছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ তাপমাত্রাই চলতি মৌসুমের সর্বনিম্ন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, বুধবার দেশের চারটি বিভাগসহ আরও প্রায় নয়টি জেলায় শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করেছে। চলতি মৌসুমে এত বিস্তৃত এলাকায় আগে কখনো শৈত্যপ্রবাহ দেখা যায়নি। এদিন রাজধানীতেও আগের দিনের তুলনায় তাপমাত্রা হঠাৎ করে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার তেমন প্রভাব নেই। আবহাওয়াবিদদের মতে, আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা আরও নেমে গেছে।

টানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী। গত সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা নেমে হয় ৭ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উত্তরের জেলা রাজশাহীতে। আজ সেই উত্তরের জনপদ নওগাঁর বদলগাছীতে তাপমাত্রা কমে হেয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, আজ বদলগাছীতে যে তাপমাত্রা হয়েছে, তা এ মৌসুমের সর্বনিম্ন। তাপমাত্রা আগামীকাল (বৃহস্পতিবার) পর্যন্ত আরও কমতে পারে। আজ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের সর্বত্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। এই চার বিভাগে জেলার সংখ্যা ৩২। এর পাশাপাশি টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ মোট ৯ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।

কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি শৈত্যপ্রবাহ, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটিকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।