মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই পরিস্থিতির কারণে শুক্রবার (১৩ মার্চ) মোট ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭ টি, ১২ মার্চ ২৮ টি এবং ১৩ মার্চ (শুক্রবার) ২৪ ফ্লাইট বাতিল হয়।
শুক্রবার (১৩ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি এবং ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট। সব মিলিয়ে ওই দিন মোট ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৭টি।
