আগে রিটার্ন দিলে করছাড়, দেরিতে দিলে জরিমানা

আগামী ২০২৬–২৭ অর্থবছর থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়মে বড় পরিবর্তন আসছে। এখন থেকে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের করদাতারা সারা বছর যেকোনো সময় রিটার্ন জমা দিতে পারবেন। তবে নির্ধারিত সময়ের আগে জমা দিলে বিশেষ করছাড় পাওয়া যাবে এবং দেরিতে জমা দিলে জরিমানা দিতে হবে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ‘অর্থ আইন, ২০২৬’ উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নতুন অর্থ আইন অনুযায়ী, করদাতারা পূর্ববর্তী করবর্ষের রিটার্ন সাধারণত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দাখিল করতে পারবেন। এর মধ্যে যারা ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দ্রুত রিটার্ন দাখিল করবেন, তারা বিশেষ কর প্রণোদনা বা ছাড় পাবেন। এই ক্ষেত্রে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ২৫ হাজার টাকা—এই দুটির মধ্যে যেটি কম, সেই পরিমাণ টাকা করদাতারা রেয়াত হিসেবে পাবেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক সময়ে রিটার্ন দাখিল করলে কোনো প্রণোদনা পাওয়া যাবে না, আবার কোনো অতিরিক্ত কর বা জরিমানাও দিতে হবে না।

জরিমানার বিধান মূলত জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে বিলম্বে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—এই দুইয়ের মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অর্থ অতিরিক্ত কর বা জরিমানা হিসেবে দিতে হবে। এরপর ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত আরও দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানার হার বাড়বে। এ সময় পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—এই দুইয়ের মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর হিসেবে পরিশোধ করতে হবে।